নারীনীতির বিরুদ্ধে আমিনীদের আন্দোলনে সরকারই মদদ দিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপ্লবী নারী সংহতি আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, সরকার জাতীয় নারী উন্নয়ন নীতি নিয়ে নারীসমাজের সঙ্গে প্রতারণা করেছে। নারী উন্নয়নের জন্য শোরগোল তুললেও বাস্তবে তা নারীর পক্ষে যায়নি। নারীনীতিতে নারীর জন্য বাড়তি কোনো সুবিধার কথা বলা না হলেও আমিনীরা আন্দোলন করছেন। সে আন্দোলনে সরকারই মদদ দিচ্ছে।গতকাল সোমবার নগরের মুক্তি ভবনে অনুষ্ঠিত ওই সভায় বক্তারা বর্তমান নীতি বাতিল করে সম্পদ ও উত্তরাধিকারে সম-অধিকার দিয়ে যুগোপযোগী নারীনীতি প্রণয়নের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।সভায় অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী অযথা নারীনীতির বিরুদ্ধে নামা আমিনীদের শক্তির উৎস নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘শত বছর ধরে আমরা আধমরা হয়ে আছি। ধর্ম ব্যবসায়ী আমিনীরা তার ফায়দা লুটছে। আওয়ামী লীগ, বিএনপি ভোটের লোভে তাঁদের বিরুদ্ধে কথা বলছে না। প্রচলিত রাজনৈতিক দল সব সময়ই এভাবে নিজেদের স্বার্থে ধর্মকে ব্যবহার করে।’সিরাজুল ইসলাম চৌধুরী সব ধর্মের নারী-পুরুষের জন্য অভিন্ন পারিবারিক আইন তৈরি এবং গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে আন্দোলনে নামার জন্য আহ্বান জানান।অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ১৯৯৭ সালের নারী উন্নয়ন নীতিটি পূর্ণাঙ্গ ছিল না। বর্তমানের নীতিটির সেখান থেকেও পশ্চাদপসারণ ঘটেছে। সরকার যদি সত্যিকারভাবেই নারীর পক্ষে নীতি করতে চাইত, তাহলে কর্মপন্থা ভিন্ন হতো।নাট্যকার মামুনুর রশীদ বর্তমান নীতি সম্পর্কে নারীনেত্রীরা আগে থেকে কিছু জানতেন কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন। শাসকগোষ্ঠীর মধ্যকার দলই আমিনীকে দিয়ে মাঠ গরম করাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।নারীনেত্রী খুশী কবির বলেন, বর্তমানের নীতি নারীর অধিকার রক্ষা করছে না। তা নারীদের আরও পিছিয়ে দিচ্ছে।‘জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১: সমানাধিকারের শোরগোল এবং বাস্তবতা’ শীর্ষক ওই সভায় স্বাগত বক্তব্যে আয়োজক সংস্থার সমন্বয়ক শ্যামলী শীল বলেন, অন্য সময় হরতালে সরকার যেভাবে বিরোধিতা করে, নারীনীতি নিয়ে ডাকা হরতালে সরকার সে ধরনের তৎপরতা দেখায়নি। মনে হয়েছে, পুরুষদেরও এতে নীরব সমর্থন ছিল। নারীনীতিতে রাষ্ট্রের পুরুষতান্ত্রিক মতাদর্শের প্রতিফলন ঘটেছে বলেও তিনি মন্তব্য করেন।আয়োজক সংস্থার সহ-সমন্বয়ক তাছলিমা আক্তার বলেন, নারীনীতিটি পবিত্র কোরআন-সুন্নাহবিরোধী বলছেন আমিনীরা। অন্যদিকে, সরকার বলছে তারা পবিত্র কোরআন-সুন্নাহবিরোধী কিছু করবে না। গুণগত ও অবস্থানগতভাবে সরকার ও নারীনীতির বিরোধিতাকারীরা কাদের স্বার্থ রক্ষা করছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।মতবিনিময় সভায় অধ্যাপক গীতিয়ারা নাসরিন, রেহনুমা আহম্মেদ, মেঘনা গুহঠাকুরতা, রাজনৈতিক ব্যক্তিত্ব সাইফুল হক, নারীপক্ষের সদস্য সামিয়া আফরীন, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সুলতানা আক্তার প্রমুখ বক্তব্য দেন।