নারীনীতির বিষয়ে ব্যাখ্যা চেয়েছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিপরিষদে অনুমোদিত নারী উন্নয়ন নীতির বিষয়ে সরকারের স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে বিএনপি। নারীনীতি নিয়ে সৃষ্ট বিতর্কের অবসান ঘটানো সরকারেরই দায়িত্ব বলে দলটি মনে করে। স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতারা এ কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রস্তাবিত নারীনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে দেশের আলেমসমাজ। তাই এ ব্যাপারে সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক অবস্থা দেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তিনি ফজলুল হক আমিনীর ডাকা হরতালে বিএনপি-জামায়াতের ইন্ধন খুঁজে পাচ্ছেন। তিনি বলেন, খালেদা জিয়ার ডাকে আন্দোলন শুরু হলে আওয়ামী লীগের তখন আর সময় থাকবে না। যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম প্রমুখ বক্তব্য দেন। এদিকে বাংলাদেশ লেবার পার্টির এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা না হলে বিএনপি তা মানবে না। গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভা হয়।