এইউডব্লিউর ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
নারীনীতির ভুল ব্যাখ্যা দিচ্ছে একশ্রেণীর ধর্ম ব্যবসায়ী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ইসলাম নারী-পুরুষের বৈষম্যকে স্বীকার করে না। তবু একশ্রেণীর ধর্ম ব্যবসায়ী ঘোষিত নারীনীতির ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি বিশ্বাস করি, এ দেশের নারীসমাজসহ সচেতন সব নাগরিক তাদের এই অপতৎপরতা রুখে দেবে।’ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) নিজস্ব ক্যাম্পাসে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিতে নারীরা সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করতে পারে। মেয়েদের শিক্ষিত করে তোলার মাধ্যমে নারীর বিরুদ্ধে বৈষম্য যেমন দূর করা যায়, তেমনি ভবিষ্যৎ উন্নয়নের সোপানও তৈরি হয়।নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় তাঁর সরকারের ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের মন্ত্রিপরিষদে গুরুত্বপূর্ণ পাঁচটি পদে নারী সদস্য রয়েছেন। মন্ত্রিপরিষদে নারীর সংখ্যা পুরুষের সমান হলে আমি খুশি হতাম।’এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনকে এ অঞ্চলের গর্বিত বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটি ইতিমধ্যে নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশ ছাড়াও এশিয়ার ১১টি দেশের শিক্ষার্থীরা এতে পড়াশোনা করছে। এ ক্যাম্পাস যেন গোটা এশিয়া মহাদেশের একটি ক্ষুদ্র প্রতিচ্ছবি। শেখ হাসিনা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা ১৩১ একর জমি দিয়েছি। এর দাম প্রায় আট কোটি মার্কিন ডলার। আমরা তা অনুদান হিসেবে দিয়েছি।’ এইউডব্লিউর ভারপ্রাপ্ত উপাচার্য কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয়ের আচার্য শেরি ব্লেয়ার, বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এনগোজি কোনজো ইয়েলা এবং এইউডব্লিউর স্টুডেন্ট গভর্নমেন্ট প্রেসিডেন্ট নওরা মেহেরিন।আঞ্চলিক পাসপোর্ট ও ভিসা কার্যালয়ের উদ্বোধন: এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ভবন উদ্বোধনের পর দুপুরে প্রধানমন্ত্রী দেওয়ানহাটের মনছুরাবাদে নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট ও ভিসা কার্যালয় উদ্বোধন করেন। তিনি সেখানকার বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। প্রায় ১৫ মিনিট পর তিনি চট্টগ্রাম সেনানিবাস হয়ে হেলিকপ্টারে করে ঢাকায় ফিরে যান।