নারীনেত্রী ও সাবেক সাংসদ চিত্রা ভট্টাচার্য আর নেই
নারীনেত্রী, মানবাধিকারকর্মী ও সাবেক সাংসদ চিত্রা ভট্টাচার্য গতকাল সোমবার ভোরে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে পরলোকগমন করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।চিত্রা ভট্টাচার্য ১৯২৭ সালে নেত্রকোনার এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তাঁর বড় ছেলে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, ছোট ছেলে পদার্থবিদ দেবদর্শী ভট্টাচার্য।চিত্রা ভট্টাচার্য বার্ধক্যজনিত অসুস্থতার কারণে পাঁচ দিন আগে হাসপাতালে ভর্তি হন। তাঁর অসুস্থতার খবর পেয়ে দেবপ্রিয় ভট্টাচার্য কলকাতায় যান। আজ কেওড়াতলা মহাশ্মশানে চিত্রা ভট্টাচার্যের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। তবে পারলৌকিক ক্রিয়া চিত্রা ভট্টাচার্যের গ্রামের বাড়ি টাঙ্গাইলের এলেঙ্গায় অনুষ্ঠিত হবে বলে প্রথম আলোকে জানিয়েছেন দেবপ্রিয় ভট্টাচার্য।চিত্রা ভট্টাচার্য বাংলাদেশের নারী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন। তিনি বাংলাদেশ মহিলা পরিষদের সহসভানেত্রী ও লিগ্যাল এইডের উপপরিষদের সদস্য ছিলেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদের টাঙ্গাইল সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সাংসদ ছিলেন। তিনি টাঙ্গাইলের এলেঙ্গা ও কালিহাতি অঞ্চলে শিক্ষাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যাপক ভূমিকা রাখেন। তিনি বিচারপতি দেবেশ ভট্টাচার্যের স্ত্রী। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, সম্মিলিত সামাজিক আন্দোলন শোক প্রকাশ করেছে।