নারীনেত্রী পারভীন আকতার মারা গেছেন

চট্টগ্রামের পটিয়ার নারী জাগরণ সংস্থার প্রতিষ্ঠাতা সভানেত্রী পারভীন আকতার (৬৭) আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, দুই ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন।
পারভীন আকতার চার মাস ধরে জটিল রোগে ভুগছিলেন। তাঁকে নিয়ে ২০১৩ সালের ২৫ মে প্রথম আলোতে ‘নির্যাতিতদের ভরসা পারভীন ভাবি’ শিরোনামে শনিবারের বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে চ্যানেল আইতে দুই পর্বে প্রতিবেদন প্রকাশ করে। পরে ছাদে তাঁর করা বাগান নিয়েও প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশ করা হয়।
পারভীন আকতার ১৯৮০ সাল থেকে নারী জাগরণ সংস্থার মাধ্যমে নির্যাতিত নারীদের নিয়ে কাজ করে গেছেন। তিনি নারী জাগরণ সংস্থার মাধ্যমে পটিয়াসহ চট্টগ্রাম দক্ষিণ জেলায় প্রায় ৩০ হাজারের বেশি নির্যাতিত নারীদের মামলা পরিচালনা করেছেন। তা ছাড়া তিনি এ সংস্থার মাধ্যমে অসংখ্য অসহায় নারীকে স্বাবলম্বী করে তোলার কাজে নিয়োজিত ছিলেন।