নারীনেত্রী বেলা নবী আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট নারীনেত্রী বেলা নবী আর নেই। গতকাল শনিবার রাত সোয়া আটটার দিকে তিনি তাঁর মেয়ে নাহিদ নবীর ধানমন্ডির বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।তিনি দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, তিন ছেলে, এক মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।বাংলাদেশ মহিলা পরিষদের উপদেষ্টা বেলা নবী আজীবন নারীমুক্তি আন্দোলন ও বিভিন্ন প্রগতিশীল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। মহিলা পরিষদের সঙ্গে যুক্ত হন ১৯৭২ সালে। পাশাপাশি তিনি যুক্ত ছিলেন কমিউনিস্ট পার্টির রাজনীতির সঙ্গে।বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী আয়েশা খানম প্রথম আলোকে বলেন, তিনি ছিলেন দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের সঙ্গী। স্বাধীনতার আগ থেকে শুরু করে একনায়কতন্ত্রের বিরুদ্ধে ও গণতন্ত্রের জন্য আন্দোলন, সর্বোপরি প্রগতিশীল সব আন্দোলন, সংগ্রাম, মিছিলে যেসব নারী ছিলেন, তাঁদের একজন বেলা নবী।গতকাল রাতে তাঁর লাশ বারডেমের হিমঘরে রাখা হয়। আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাঁর মরদেহ বাংলাদেশ মহিলা পরিষদের অফিসের সামনে রাখা হবে। বাদ জোহর ধানমন্ডি ৭ নম্বর সড়কের মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।