নারীপ্রধান পরিবারে কমছে দারিদ্র্য

সালমা আখতার ও হাজেরা খান মতিঝিলের আরামবাগে পাশাপাশি বাসায় ভাড়া থাকেন। তাঁদের দুজনের স্বামী একই বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী। তাঁদের বেতনকাঠামোও এক। সালমার পরিবারের সদস্যসংখ্যা বেশি হলেও স্বাচ্ছন্দ্য তাঁর সংসারে। হাজেরার পরিবারে মাসের শেষ দশ দিন কাটে খুব অর্থকষ্টে। ধার করে সংসার চালাতে হয়। এর কারণ হচ্ছে, সালমা আখতারের পরিবার তিনিই দেখভাল করেন, অন্যদিকে হাজেরা খানের সংসার চলে স্বামীর ইচ্ছানুযায়ী।
আবার সীমা রহমান ও তাঁর স্বামী দুজনেই চাকরিজীবী। সংসারের কর্তৃত্ব স্বামীর কাছেই। বাজার করার কাজটিও তিনি করেন। দেখা যায়, একদিন সবজি ঠিকমতো কিনলেন তো মাছ পচা। আবার যেসব খাবার বাচ্চারা খায় না, সেগুলো নিয়েই হাজির। ছেলেদের পড়াশোনার উপকরণ কিনতেও অনেক সময় ভুলে যান। মাসের শুরুতে অনেক অপ্রয়োজনীয় খরচ করলেও শেষের দিকে টানাটানি। একপর্যায়ে বিরক্ত হয়ে স্বামী সংসার পরিচালনার দায়িত্ব সীমাকে দিয়ে দেন। এখন মাসের শেষ দিকেও খাদ্যতালিকায় মাছ-মাংস থাকে, হাতেও থাকে কিছু উদ্বৃত্ত টাকা।
শুধু সালমা আখতার, হাজেরা খান কিংবা সীমা রহমানের পরিবার নয়, নারী পরিচালিত অনেক পরিবারেই দেখা গেছে দারিদ্র্যের হার কম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সর্বশেষ গৃহস্থালি বা খানা আয়-ব্যয় জরিপ (এইচআইইএস) করেছে ২০১০ সালে। জরিপটি বিশ্লেষণ করে দেখা যায়, নারী পরিচালিত পরিবারগুলোর দারিদ্র্যের হার পুরুষ পরিচালিত পরিবারগুলোর তুলনায় কম। যে পরিবারের প্রধান নারী, সেই পরিবারে দারিদ্র্যের হার কমে এবং ক্রয়-সক্ষমতা বাড়ে।
বিবিএসের জরিপ অনুযায়ী, নারী পরিচালিত পরিবারের নিম্ন দারিদ্র্যসীমা ১৪ দশমিক ৬ শতাংশ, যেখানে পুরুষ পরিচালিত একই ধরনের পরিবারে ১৭ দশমিক ৯ শতাংশ। নারী পরিচালিত পরিবারে উচ্চ দারিদ্র্যসীমা ২৬ দশমিক ৬ শতাংশ, যেখানে পুরুষ পরিচালিত পরিবারে ৩২ দশমিক ১ শতাংশ।
বিবিএসের যুগ্ম পরিচালক ড. দীপঙ্কর রায় জরিপে উল্লিখিত ‘নারী পরিচালিত পরিবার’-এর ব্যাখ্যা দেন। তিনি বলেন, বিষয়টি পরিবারের উপার্জনের সঙ্গে সম্পর্কিত নয়। এখানে নারী উপার্জন করতেও পারেন, না-ও পারেন। যিনিই আয় করুন না কেন, নারীকে পরিবারের ‘প্রধান’ হিসেবে গণ্য করা হয় এবং তাঁর ব্যবস্থাপনায় সংসার চলে।
নারীরা পরিবারের প্রধান হবেন—বিষয়টি এখনো সামাজিকভাবে স্বীকৃত নয়। তাই অনেক নারী পরিবারের কর্তা বা কর্ত্রী হিসেবে পরিচিতি পেতে চান না। ফলে নারী পরিচালিত পরিবারের সংখ্যা আরও বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থার (বিআইডিএস) সাবেক জ্যেষ্ঠ গবেষক ড. প্রতিমা পাল মজুমদার প্রথম আলোকে বলেন, ‘নিম্ন ও উচ্চ দরিদ্র পরিবারের ওপর জরিপটি চালানো হলেও সব শ্রেণিতেই মায়ের কাছে পরিবার পরিচালনার দায়িত্ব থাকলে সংসার অবশ্যই সুন্দরভাবে পরিচালিত হবে এবং দারিদ্র্যর হার আরও কমে যাবে।’ এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, মা পরিবারের সব সদস্যদের চাহিদা সম্পর্কে অবগত থাকেন। তাই তাঁর হাতে যখন টাকা থাকে, তিনি সবার চাহিদা, বিশেষ করে মৌলিক চাহিদা—খাদ্য, শিক্ষা এবং স্বাস্থ্য সঠিকভাবে পূরণ করতে পারেন। আর নারীরা সহজাতভাবেই সংসারের প্রতি বেশি যত্নশীল হন। এর সঙ্গে নারীর হাতে পরিবার পরিচালনার নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকলে সংসার ভালোভাবেই পরিচালিত হবে।
বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ আবদুল ওয়াজেদ এ বিষয়ে নতুন একটি কারণ যুক্ত করেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমাদের দেশে নারীপ্রধান পরিবারে আয় বেড়েছে মূলত প্রবাসী-আয় বা রেমিট্যান্সের সুষ্ঠু বিনিয়োগের ফলে। নারীদের সঞ্চয়ী মনোভাব এখানে বিশেষ ভূমিকা রেখেছে। আরও দক্ষতার সঙ্গে যথোপযুক্ত বিনিয়োগ করা হলে দেশের মোট দারিদ্র্যের হার কমবে।’
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ এ নিয়ে প্রথম আলোকে বলেন, নারী পরিচালিত পরিবারে দারিদ্র্য কমার হার তুলনামূলক বেশি হলেও পুরুষ পরিচালিত পরিবারেও দারিদ্র্য কমছে। আবার উচ্চ দরিদ্র পরিবারের ক্ষেত্রে যেভাবে কমছে, হতদরিদ্র পরিবারে সেভাবে কমছে না। তবে নারীরা লজ্জায় নিজের দারিদ্র্য ঢেকে তথ্য দেওয়ার কারণেও এ রকম ফলাফল আসতে পারে বলে মন্তব্য করেন তিনি।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি ১৯৯৫ সালের বেইজিং ঘোষণা এবং ২০১০ সালের জাতিসংঘের ২৩তম বিশেষ অধিবেশনের ফলাফল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দারিদ্র্যের হার কমার কারণ হিসেবে আরও অন্যান্য বিষয়ের সঙ্গে সরকারের কিছু পদক্ষেপের উল্লেখ করা হয়েছে। যেমন, জনসংখ্যা কাঠামো পরিবর্তন, শ্রমিকের মজুরি বৃদ্ধি, অবকাঠামোগত ও টেলিযোগাযোগ সংযোগের উন্নয়ন, অভ্যন্তরীণ অভিবাসন এবং সামাজিক নিরাপত্তা খাতের কর্মসূচি বৃদ্ধি। দারিদ্র্যের হার অর্ধেকে কমিয়ে আনতে এমডিজির যে লক্ষ্যমাত্রা ছিল, তাও অর্জন করেছে বাংলাদেশ, যা সহজ করে দিয়েছেন নারীরা।
১২ বছর ধরে বাংলাদেশ গড়ে ৬ শতাংশের বেশি হারে প্রবৃদ্ধি অর্জন করছে। তবে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) গবেষণা করে বলেছে, জাতীয় আয়ের হিসাবে অন্তর্ভুক্ত হয় না নারীদের সম্পন্ন করা এমন কাজের প্রাক্কলিত মূল্য জিডিপির প্রায় ৭৬ দশমিক ৮ শতাংশের সমপরিমাণ। ফলে নারীদের কাজ অন্তর্ভুক্ত করা সম্ভব হলে দেশের প্রবৃদ্ধি আরও বৃদ্ধি পেত।