নারীবান্ধব পুলিশ গড়তে পুলিশ কমিশনারের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীবান্ধব পুলিশ প্রশাসন গড়ে তোলার আহ্বান জানিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, নারী ও শিশুর প্রতি কোনো ধরনের হয়রানি সহ্য করা হবে না। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

আজ বুধবার সকালে তেজগাঁও থানা কমপ্লেক্সে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের মিলনায়তনে এক কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন ২০১০–এর বাস্তবায়ন এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমন্বিত কার্যক্রম–বিষয়ক এ কর্মশালায় ঢাকা মহানগরের ৪৯টি থানার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ কর্মশালার আয়োজন করে ঢাকা মহানগর পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন এবং বাংলাদেশ মহিলা পরিষদ।

বক্তব্যে ডিএমপি কমিশনার উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনকে গতানুগতিক কাজের বাইরে গিয়ে নিয়মিত ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে সচেতনতা বাড়ানোসহ বিভিন্ন উদ্যোগ নিতে বলেন। কর্মসূচির যৌক্তিকতা তুলে ধরতে পারলে ওই কাজের জন্য জনবল, গাড়িসহ যে ধরনের সহায়তা প্রয়োজন, তা দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। এ সেন্টারে আসার পর কোনো নারী ও শিশুকে সেবা না দিয়ে ফিরিয়ে দেওয়া যাবে না বলে উল্লেখ করে তিনি কর্মকর্তাদের বলেন, প্রয়োজনে ওই ভিকটিম কোথায় গেলে সেবা পাবে, তা জানানোসহ অন্যান্য দায়িত্ব পালন করতে হবে।

ডিএমপি কমিশনার বলেন, জেন্ডার–বৈষম্য, সামাজিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে নারী ও শিশুর প্রতি সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। অন্য আট–দশটা মামলা যেভাবে করা হয়, নারী ও শিশু নির্যাতনের মামলাকে সেভাবে দেখলে হবে না। ধর্ষণের শিকার নারীর দিকে পুরুষতান্ত্রিক মনোভাব থেকে আঙুল তোলা যাতে না হয়, তাও মনে রাখতে হবে। তিনি বলেন, পারিবারিক সহিংসতার ক্ষেত্রে শতকরা ৫ ভাগের কারণ জানা যায়, বাকিটা জানা যায় না। এ ক্ষেত্রে নীরবতা ভাঙতে হবে।

কর্মশালায় বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম পুলিশ প্রশাসন এবং নারী আন্দোলনের সংগঠন মহিলা পরিষদকে ‘দুটি হাত’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এ দুটি হাতকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের উপপুলিশ কমিশনার ফরিদা ইয়াসমীন জানান, বর্তমানে তাঁর বিভাগ ১২২টি মামলা পরিচালনা করছে। তিনি বলেন, যেকোনো ধরনের দাম্পত্য কলহে বেশির ভাগ ক্ষেত্রে যৌতুকের দাবিতে মারধরের মামলা করা হচ্ছে। এদিকে মামলা করলে আবার ওই নারীর সংসার টিকছে না। আবার সংসার টেকানো জন্য অনেকে মামলা আপস করে ফেলছেন। অনেক ক্ষেত্রে মামলা চললেও তা প্রমাণ করা যাচ্ছে না। এ ক্ষেত্রে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইনে মামলা করা হলে পুলিশ ও বাঁচবে, পরিবারও বাঁচবে।

বিবিধ