নারীবান্ধব সমাজ প্রতিষ্ঠার আহ্বান

নারীর অধিকার আদায়ে প্রয়োজন নারীবান্ধব পরিবার, সমাজ ও রাষ্ট্র। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে তাঁর উপার্জনের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিরা একটি পদযাত্রা বের করেন।
‘নারী শ্রমিক: অধিকার ও ক্ষমতায়ন’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, জাতীয় সংসদে যত দিন অন্তত অর্ধেক সদস্য নারী না হবেন, তত দিন সত্যিকারের দাবি আদায় হবে না। বিভিন্ন সময়ে নারী নেতৃত্বের যে স্ফুলিঙ্গ দেখা গেছে, তাদের একসঙ্গে আওয়াজ তুলতে হবে।
মূল প্রবন্ধে ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী উল্লেখ করেন, নারীর স্বার্থ রক্ষা এবং নিরাপত্তার উদ্দেশ্যে নারীবান্ধব রাষ্ট্র তৈরি করতে হবে। নারীদের স্বার্থ রক্ষার্থে রাষ্ট্রের সঙ্গে শক্তিশালী, কঠোর ও কৌশলী হয়ে দেনদরবার করতে হবে। দেশের রপ্তানি আয়ের ‘সিংহভাগই যেখানে নারী শ্রমিকের অবদানে’ আসে, সেখানে নারী শ্রমিক নিঃসন্দেহে রাষ্ট্রের কাছে তাদের প্রাপ্য চাইতে পারে। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, শুধু নারীবান্ধব রাষ্ট্রই নয়, নারীবান্ধব সমাজ ও পরিবার গঠন করতে হবে।
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক মালেকা বেগম বলেন, নারীরা পুরুষের সমান হতে চায় না, তাঁরা মানুষের অধিকার চায়। জরিপে নারীরা এগিয়ে যাচ্ছে ঠিকই কিন্তু নারীদের উপার্জনের ওপর নিজের কোনো নিয়ন্ত্রণ নেই।
বিভাগের চেয়ারপারসন তানিয়া হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীন। প্যানেল আলোচনায় আয়োজক বিভাগের অধ্যাপক নাজমুন্নেসা মাহতাবের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আয়েশা ইসলাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের গবেষণা পরিচালক রুশিদান ইসলাম রহমান প্রমুখ।