জামালপুর জেনারেল হাসপাতালটি ২৫০ শয্যার। মা ও শিশুদের উন্নত স্বাস্থ্যসেবা দিতে গত নভেম্বর মাসে হাসপাতালটিকে ‘নারীবান্ধব হাসপাতাল’ ঘোষণা করে সরকার। এ জন্য দাতা সংস্থা ডিএফআইডি ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে চালু হয় দুই বছর মেয়াদি চার কোটি ৯১ লাখ ৪৮ হাজার ৮৩০ টাকার একটি প্রকল্প। কিন্তু গাইনি বিভাগে চিকিৎসকসংকটে নারীবান্ধব হাসপাতাল প্রকল্প বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে। স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার পরিণত হয়েছে বিড়ম্বনায়।জেনারেল হাসপাতালে গিয়ে দেখা গেছে, বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৬০ জন রোগী গাইনি চিকিৎসকের কাছে যান। গাইনি ওয়ার্ডে রয়েছে ৮০টি শয্যা। বেশির ভাগ শয্যায় সব সময় রোগী থাকে। প্রচুর রোগী থাকলেও হাসপাতালটিতে গাইনি বিভাগে চিকিৎসকের পদ আছে মাত্র পাঁচটি। এর মধ্যে আবার তিনটি পদ শূন্য। জুনিয়র কনসালট্যান্ট ফাখরিয়া আলম বিভাগটির সিনিয়র কনসালট্যান্টের দায়িত্ব পালন করছেন। চিকিৎসা কর্মকর্তা হিসেবে আছেন সাইকা হক।গাইনি বিভাগে চিকিৎসকসংকটের কারণে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুজন চিকিৎসা সহকারীকে প্রেষণে এনে কোনোমতে বহির্বিভাগের কাজ চালানো হচ্ছে। সপ্তাহে শনি ও মঙ্গলবার দুই দিন চিকিৎসক ফাখরিয়া আলমের বহির্বিভাগে রোগী দেখার কথা রয়েছে। কিন্তু ওই দুই দিন তিনি বহির্বিভাগে বসেন না। এতে প্রসূতি ও জটিল রোগে আক্রান্ত রোগীরা ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে হতাশ হয়ে বাড়ি ফিরে যান।এ ছাড়া হাসপাতালটিতে নবজাতককে বুকের দুধ খাওয়ানোর জন্য কোনো আলাদা জায়গা বা ব্যবস্থা নেই। নারীর প্রতি সহিংসতা ও আইনি সহায়তা প্রদান কার্যক্রমও চালু হয়নি। এ ছাড়াও প্রসব-পরবর্তী সেবা, জন্মনিয়ন্ত্রণ ও জন্মের পর নবজাতকের সেবা কার্যক্রমও চলছে ঢিমেতালে।জরায়ুর চিকিৎসা নিতে আসা পাথালিয়া গ্রামের নার্গিছ বেগম বলেন, ‘আমরা গরিব মানুষ। হাসপাতালে না পাইয়া একবার ৪০০ টাকা ভিজিট দিয়া ডাক্তার ফাখরিয়ারে দেখাই। হাসপাতালে তারে পাইলে আমগরে মেলা উপুকার হইতো।’হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) যতীন্দ্র চন্দ্র মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘গাইনি বহির্বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক প্রতি শনি ও মঙ্গলবার না বসায় আমাকেও অনেক ধকল সামলাতে হয়।’হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন মো. আবদুল হাকিম গাইনি বহির্বিভাগে সপ্তাহে দুই দিন বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় রোগীদের দুর্ভোগের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, হাসপাতালে নারীরাই বেশি চিকিৎসা নিতে আসেন। কিন্তু চিকিৎসকসংকট ও বহির্বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক না বসায় নারীবান্ধব সেবা কার্যক্রম পরিচালনায় কিছুটা সমস্যা হচ্ছে। চিকিৎসক ফাখরিয়া আলম প্রথম আলোকে বলেন, ‘আমাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আমার একার পক্ষে কি সব দিক সামাল দেওয়া সম্ভব। বহির্বিভাগে বসার সময় কোথায়। তবে কথা দিচ্ছি, এখন থেকে চেষ্টা করব। প্রতি মঙ্গলবার অন্তত এক ঘণ্টার জন্যে হলেও বহির্বিভাগে রোগী দেখব।’