নারীর প্রতি সকল প্রকার শোষণ-বৈষম্য রোধ করতে প্রগতিশীল রাজনৈতিক শক্তির উত্থান ঘটানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
গতকাল শুক্রবার সিপিবির কেন্দ্রীয় নারী সেলের উদ্যোগে শাহবাগ প্রজন্ম চত্বরে এক নারী গণসমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়। শোষণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং নারীর সম-অধিকার প্রতিষ্ঠার আহ্বান নিয়ে এ সমাবেশের ডাক দেয় সংগঠনটি।
সিপিবির প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় নারী সেলের আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘দেশের নারী সমাজ বর্তমানে আরও বেশি শোষণ ও ভোগের শিকার হয়ে পড়েছে। তাঁদের জীবনের নিরাপত্তাহীনতা বাড়ছে। নারীর প্রতি সকল শোষণ-বৈষম্য রোধে প্রগতিশীল রাজনৈতিক শক্তির উত্থান ঘটাতে হবে।’
লক্ষ্মী চক্রবর্তী বলেন, নারীর অবদানের তাৎপর্যপূর্ণ অগ্রগতি সত্ত্বেও নারীর অনেক অবদানেরই কোনো স্বীকৃতি নেই। নারীর অবদান ও অধিকারকে অগ্রাহ্য করে সমাজের প্রগতি সম্ভব নয়।
নারীনেত্রী লুনা নূরের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন লীনা চক্রবর্তী, অধ্যাপক এ এন রাশেদা, অধ্যাপক নাসিম আক্তার হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি।