নারীমুক্তির জন্য প্রতিরোধ কমিটি গড়ে তোলা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী পয়লা বৈশাখ থেকে বছরব্যাপী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সব কর্মসূচিতে নারীমুক্তি আন্দোলন বেগবান করার বিষয়টি সম্পৃক্ত করা হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, পাড়া-মহল্লায় এ লক্ষ্যে প্রতিরোধ কমিটি গড়ে তোলা হবে। গতকাল বৃহস্পতিবার জোট আয়োজিত ‘নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হোন’ শীর্ষক সমাবেশে জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ এ কথা জানান।কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সর্বস্তরের মানুষের এই সমাবেশে সভাপতির বক্তব্যে নাসির উদ্দীন বলেন, ‘সরকার একটি নারী উন্নয়ন নীতি প্রণয়ন করেছে। ধর্মান্ধ, মৌলবাদী গোষ্ঠী এর বিরুদ্ধে দাঁড়িয়েছে। হরতাল ডেকেছে। সম্মিলিতভাবে এই গোষ্ঠীকে ও তাদের ডাকা হরতালকে প্রতিহত করতে হবে।’সমাবেশে নারী ও মানবাধিকারকর্মী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও একই অঙ্গীকার করেন। সরকারকে জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়নে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। সমাবেশে জোটের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, ‘মৌলবাদী গোষ্ঠী বিভিন্ন অসত্য বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। খোদ সরকারকেও মনে হচ্ছে কিছুটা বিচলিত। অথচ নারী নীতি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর মতো কিছু নেই, তা চ্যালেঞ্জ করে বলা যায়।’তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, ‘কারা আবার নারীকে পিছিয়ে নিতে চায়, সেই গোষ্ঠীকে আমরা চিনি। নারী ও শিশুরা যখন নির্যাতনের শিকার হয়, তখন তারা কথা বলে না। তাদের জন্য সুবিধাজনক সে ধরনের বিষয়ে আওয়াজ তোলে। ধর্মকে সামনে নিয়ে আসে। এই গোষ্ঠীর মুখোশ উন্মোচন করতে হবে।’সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, ‘আমরা কথা বললে রাষ্ট্রদ্রোহী হই অথচ আমিনী সাহেব অহরহ যেসব কথা বলে যাচ্ছেন, তাতে কিছু হয় না। আমিনী সাহেব নারী নীতিটি পড়েননি, তাই ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছেন।’ সমাবেশে সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, সাংস্কৃতিক কর্মী লায়লা হাসান, গায়ক ফকির আলমগীর প্রমুখ বক্তব্য দেন।