নারীর অংশীদারির খতিয়ান বাজেটে স্পষ্ট করা হয়নি: মহিলা পরিষদ
গত বছর করোনা শুরুর পর থেকে আর জেন্ডার বাজেট প্রতিবেদন প্রকাশিত হয়নি। ফলে নারীর জন্য প্রকল্পগুলো থেকে কী সুবিধা পাওয়া যাবে, তা এখন আর জানা সম্ভব হচ্ছে না।
আজ বুধবার বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ২০২১-২২ অর্থবছরের বাজেট–পরবর্তী সংবাদ সম্মেলনের আলোচকেরা এ কথা বলেন। ভার্চ্যুয়াল এ সংবাদ সম্মেলনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফওজিয়া মোসলেম। তিনি বলেন, বাজেট হলো আর্থিক খতিয়ান। যেকোনো দেশের উন্নতির জন্য নারীর অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। সমাজ ও রাষ্ট্র নারীকে সহায়তা করছে, তবে নারীর অংশীদারির খতিয়ান বাজেটে কোথাও স্পষ্ট করা হয়নি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে ফওজিয়া মোসলেম জেন্ডার বাজেটের ধারাবাহিক পরিবীক্ষণ মূল্যায়ন, প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা, মেয়েশিশুদের স্কুল থেকে ঝরে পড়া রোধ ও বাল্যবিবাহ প্রতিরোধে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়কে আরও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নিলোর্মী। তিনি বাজেট বরাদ্দ যাতে নারীর অধিকতর কল্যাণের জন্য ব্যয় হয়, সেদিকে নজর রাখতে হবে বলে উল্লেখ করেন। ২০২১-২২ অর্থবছরের বাজেট পর্যালোচনা করে তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ এবার কমেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়মা হক বিদিশা বলেন, ই-কমার্স, মোবাইল ব্যাংকিংভিত্তিক সেবার ওপর কর আরোপ করায় নারী উদ্যোক্তা যাঁরা ঘরে বসে কাজ করছেন, তাঁদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। জেন্ডার বাজেট কার্যকর করতে পরিবীক্ষণ ও মূল্যায়নে জেন্ডার সংবেদনশীল কাঠামো তৈরি, লিঙ্গভিত্তিক তথ্য সংগ্রহের প্রতি জোর দিতে হবে। তিনি করোনা পরিস্থিতিতে কাজ হারানো নারীদের স্বল্প সুদে বা সুদবিহীন এককালীন অর্থসহায়তা দেওয়ার সুপারিশ করেন।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো নাজনীন আহমেদ বলেন, জেন্ডার বাজেট প্রতিবেদন প্রকাশ করা না হলেও নারীর জীবনযাপনের কল্যাণে, নারীর প্রতি সহিংসতা রোধে, গৃহীত প্রকল্পের অগ্রগতির মূল্যায়নের একটা সংক্ষিপ্ত খতিয়ান প্রকাশ করতে হবে।
বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক রেখা চৌধুরী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।