নারীর অগ্রগতিকে প্রতিষ্ঠিত করতে আরও লড়াই প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাজের বিভিন্ন ​ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ কৃতী নারীকে গতকাল অনন্যা শীর্ষদশ ২০১৪ সম্মাননা দেওয়া হয় l ছবি: প্রথম আলো
সমাজের বিভিন্ন ​ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ কৃতী নারীকে গতকাল অনন্যা শীর্ষদশ ২০১৪ সম্মাননা দেওয়া হয় l ছবি: প্রথম আলো

নারী মানে আলাদা কোনো জগৎ নয়। সমাজে নারীর অবদানকে আড়াল করে রেখে তাঁকে অন্ধকারে ঢেকে দেওয়ার প্রচেষ্টা সব যুগে ছিল। সেই কঠিন পথ পাড়ি দিয়ে নারীর ক্ষমতায়নের বিষয়টি আজ বাস্তব রূপ নিচ্ছে। তবু দিনবদলের সহযোগী হয়ে নারীর মানবিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকারকে আরও সুদৃঢ় করার জন্য এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। নারীর অগ্রগতিকে প্রতিষ্ঠিত করতে আরও লড়াই চালিয়ে যেতে হবে।
পাক্ষিক অনন্যার আয়োজনে গতকাল শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘অনন্যা শীর্ষদশ ২০১৪’ সম্মাননা প্রদান অনুষ্ঠানে এমন আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন বক্তারা। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১০ কৃতী নারীকে এই সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া প্রথমবারের মতো অনন্যার সাবেক কর্মী দিল মনোয়ারা মনুকে আজীবন সম্মাননা প্রদান করে কর্তৃপক্ষ।
অনুষ্ঠানটি শুরু হয় সমবেত সংগীত পরিবেশনার মধ্য দিয়ে। এরপর প্রকাশনার শুরু থেকে অনন্যার পথচলার বিষয়ে আট মিনিটের একটি তথ্যচিত্র প্রদর্শনের পর শুরু হয় সম্মাননা প্রদান পর্ব। এ সময় অনন্যার সম্পাদক তাসমিমা হোসেনের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী।
প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেন, একজন নারীর সাফল্যের পেছনে তাঁর মায়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, নারীর জন্য প্রতিকূল সমাজবাস্তবতায় লড়াইয়ের শিক্ষাটা তিনিই দিয়ে থাকেন। নানা প্রতিকূলতা ডিঙিয়ে নারীর ক্ষমতায়নের বিষয়টি আজ আর কল্পনার বিষয় নয়। কিন্তু নারীর সক্ষমতা ও অগ্রগতিকে প্রতিষ্ঠিত করতে আরও লড়াইয়ের প্রয়োজন।
এ বছর যাঁরা সম্মাননা পেয়েছেন, তাঁরা হলেন অধ্যাপক লায়লা নূর (ভাষা আন্দোলন), দেশের প্রথম নারী উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য অধ্যাপক খালেদা একরাম, নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি (রাজনীতি), তাহমিনা বানু (চিকিৎসা), রোকসানা সুলতানা (সমাজকর্ম), তুরিন আফরোজ (আইন ও মানবাধিকার), নাজিয়া আন্দালিব প্রিমা (চিত্রকলা), বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন (খেলাধুলা) এবং দেশের প্রথম নারী সামরিক পাইলট নাইমা হক ও তামান্না-ই-লুৎফি।
সম্মাননা প্রদান শেষে ১৯৯৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত মোট ২১০ জন সম্মাননাপ্রাপ্তকে নিয়ে একটি বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। এবারের অনুষ্ঠানটি ছিল সম্মাননাপ্রাপ্তদের পুনর্মিলনী। এরপর প্রকাশনার ২৭ বছর পূর্তিতে কেক কেটে মুহূর্তটি উদ্যাপন করেন অতিথিরা।