বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, বাংলাদেশে বর্তমানে নারীর অগ্রগতি যেকোনো সময়ের চেয়ে বেশি, অন্যদিকে নারীর জীবনে নিরাপত্তাহীনতাও যেকোনো সময়ের চেয়ে বেশি।
গতকাল সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, এখন পত্রপত্রিকা খুললেই দেখা যায় দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের মাত্রা প্রকট আকার ধারণ করেছে। নির্যাতনের ধরনও পরিবর্তিত হয়েছে।
এ অবস্থায় নিরাপত্তার কথা বলে পয়লা বৈশাখে উন্মুক্ত স্থানে অনুষ্ঠানের সময় নির্ধারণ করে দেওয়ার সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেন আনিসুজ্জামান। আনিসুজ্জামান বলেন, ‘আজ নিরাপত্তার কথা বলে অনুষ্ঠানের সময়ই কমিয়ে দিয়েছে, ভবিষ্যতে যে নিরাপত্তার কথা বলে মেয়েদের গৃহকোণে বন্দী থাকতে বলবে না, তার নিশ্চয়তা কী?’
মহিলা পরিষদের এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ছিল, ‘সম্পদ-সম্পত্তিতে সমান অধিকার নারীর ক্ষমতায়ন ও স্থায়িত্বশীল উন্নয়নের পূর্বশর্ত।’ এ বিষয়ে আনিসুজ্জামান বলেন, ‘আমরা নারী স্বাধীনতার কথা বলছি। কিন্তু যে পরিমাণে বলার দরকার ছিল, সেটা বলা হয়নি। এ কারণে সম্পত্তিতে নারী উত্তরাধিকারের দাবিটি বারবার হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে।’
এর আগে জাতীয় সংগীতের সঙ্গে সংগঠন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। আলোচনা পর্বে সংগঠনের সভাপতি আয়শা খানম বলেন, নারী অধিকার প্রতিষ্ঠায় আজকের অগ্রসরমাণ বাংলাদেশের যে চিত্র আমরা দেখি, তার যাত্রা শুরু হয়েছিল অনেক আগেই। এই সাফল্যকে স্থায়ী করতে এর কোন কোন জায়গায় দাগ আছে, কোন কোন জায়গায় গর্ত আছে, সেগুলো পূরণ করতে হবে। সেগুলো নিরাপদ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মেরেতো লুনডেমো নারী অধিকার প্রতিষ্ঠায় মহিলা পরিষদের কার্যক্রমকে অভিহিত করেন ‘এক চলমান আন্দোলন’ হিসেবে। স্বাগত বক্তব্যে সরকার নারীর প্রতি সব ধরনের বৈষম্যমূলক আইন বিলোপ করবে এমন আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু। প্রতিষ্ঠাবার্ষিকীর ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ। আরও বক্তব্য দেন ইউএন উইমেনের (বাংলাদেশ চ্যাপ্টার) প্রতিনিধি তপতী সাহা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২৮ জন কর্মজীবী নারীকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হচ্ছেন সাংবাদিকতায় রোজিনা ইসলাম, মুনিমা সুলতানা, রাবেয়া বেবী, তামান্না খান, সেবিকা দেবনাথ, রীতা ভৌমিক, তাসকিনা ইয়াসমিন, আতিকা রহমান ও আলপনা বেগম। চ্যালেঞ্জিং পেশায় ছালমা খাতুন, ফরিদা ইয়াসমিন, মেজর নুসরাত নূর আল চৌধুরী, ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস, এসপি শামসুন্নাহার, মুক্তা ধর ও মাকসুদা আক্তার খানম। তথ্যপ্রযুক্তিতে সোনিয়া বশির কবির ও লুনা সামসুদ্দোহা, চলচ্চিত্রে রোবায়েত হোসেন ও জান্নাতুল ফেরদৌস। নারী উদ্যোক্তা হিসেবে হাসিনা নেওয়াজ ও তানিয়া ওয়াহাব। খেলাধুলায় মাবিয়া আক্তার ও মাহফুজা খাতুন। চারুশিল্পে সুলেখা চৌধুরী ও মাকসুদা ইকবাল। প্রতিবন্ধী ক্যাটাগরিতে আশরাফুন নাহার ও মহুয়া পাল।