
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল রোববার ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করা হয়।
জামালপুরে মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, দেশে মা ও শিশু মৃত্যুর হার কমাতে হবে। নারীর অধিকার নিশ্চিত করার জন্য বিদ্যমান আইনের যথাযথ বাস্তবায়ন ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, সমমজুরি, নারী শ্রমিকের জন্য অনুকূল কর্মপরিবেশ ও ন্যায্য ছুটি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
নারী দিবস উদ্যাপনের প্রাক্-কর্মসূচি হিসেবে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর।
আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ। দিবসটির এবারের স্লোগান, ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’।
ময়মনসিংহ শহরের টাউন হল মোড় এলাকায় বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে জেলা প্রশাসক মো. খলিলুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা, বাংলাদেশ মহিলা সমিতির ময়মনসিংহ শাখার সদস্য, বিভিন্ন নারী সংগঠন, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও), শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ নানা পেশার মানুষ অংশ নেন।
নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় পুরোনো কালেক্টরেট প্রাঙ্গণের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফেরদৌসী বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম প্রমুখ।
বেলা ১১টার দিকে জামালপুর শহরের দয়াময়ী এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন। জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মছিরুন নেছার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ্ আল মাহমুদ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রাশিদা ফারুকী, টিআইবির এরিয়া ম্যানেজার মুহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ।
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন। মানববন্ধনে জেলাবিষয়ক কর্মকর্তা মো. লুৎফুল কবীর, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা লুৎফুন্নাহারসহ শ্রমজীবী নারী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
শেরপুরের নালিতাবাড়ীতে সকাল সাড়ে ১০টায় তারাগঞ্জ উত্তর বাজার সড়কে মানববন্ধন করা হয়। মানববন্ধনে উপজেলার কর্মজীবী মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টারের সদস্য ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সাজেদা আরফিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান আছমতারা আছমা, সচেতন নাগরিক কমিটির সভাপতি জোবায়দা খাতুন, জেলা পরিষদের সদস্য নোহিলিকা দিব্রা প্রমুখ।
ময়মনসিংহের নান্দাইলে বেলা ১১টার দিকে মহিলাবিষয়ক অধিদপ্তরের কার্যালয়ের সামনে থেকে কর্মকর্তা রোমানা আক্তারের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়। এটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে। পরে নান্দাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধনে যোগ দেন ময়মনসিংহ ৯ (নান্দাইল) আসনের সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খান, ইউএনও মো. হাফিজুর রহমান।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন ময়মনসিংহ অফিস ও নেত্রকোনা, জামালপুর, শেরপুর, নালিতাবাড়ী (শেরপুর), নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি}