নারীর অর্জন নিয়ে গর্ব করা যায়
২০১৫-পরবর্তী বৈশ্বিক উন্নয়ন এজেন্ডা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের পূর্বশর্ত হিসেবে জাতিসংঘ এবার আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ঘোষণা করেছে- ‘প্ল্যানেট ৫০-৫০: স্টেপ ইট আপ ফর জেন্ডার ইকুয়ালিটি’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মানববন্ধন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজ মঙ্গলবার পালিত হয়েছে দিবসটি।
আজ রাজধানীতে নারী-পুরুষের পোশাকে ছিল বেগুনি রঙের প্রাধান্য। আর বিভিন্ন আয়োজনে সবাই একবাক্যে স্বীকার করেছেন, দেশে এখন পর্যন্ত নারীর যে অগ্রগতি বা অর্জন তা নিয়ে গর্ব করা যায়। তবে ২০৩০ সালের মধ্যে নারী-পুরুষে সমতা আনতে হলে যেতে হবে বহুদূর।
দিবসটি উপলক্ষে আজ বিকেলে ৭০টি নারী ও মানবাধিকার সংগঠনের সমন্বয়ে গঠিত সামাজিক প্রতিরোধ কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, ‘নারীদের অগ্রযাত্রা নিয়ে আমরা গৌরব করতে পারি। আবার এখন পর্যন্ত নারীরা অনেকদিক থেকে বঞ্চিত। উত্তরাধিকার সম্পত্তিতে নারীর সম-অধিকার নেই। সমঅধিকার দেওয়ার কথা শুনছি। এটি পরিবর্তন করাও বড় ব্যাপার না। তারপরও গলা তুলে দাবি তুলতে হচ্ছে।’
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের ওই অনুষ্ঠানে গওহর রিজভী বলেন, বিবাহবিচ্ছেদ হলে স্ত্রীকে কোনো সম্পত্তি না দিয়ে ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে। এটি লজ্জা ও দুঃখের ব্যাপার। তিনি নারীদের উদ্দেশে বলেন, নারীদের ভোটের অধিকারকে কাজে লাগাতে হবে। এটি সবচেয়ে বড় হাতিয়ার। গণতান্ত্রিক সমাজে নারীদের ডিমান্ড বা দাবি পূরণ না করে কোনো সরকার ক্ষমতায় আসতে পারবে না। যে রাজনৈতিক দল তাদের রাজনৈতিক মেনিফেস্টোতে নারীদের দাবি অন্তর্ভুক্ত করবে না সে দলকে ভোট দেবেন না।
পুরুষদের উদ্দেশে গওহর রিজভী বলেন, পুরুষ ভাইয়েরা নিজের মর্যাদা বাঁচাতে হলে নারীর মর্যাদা বাঁচাতে হবে, তা না হলে লজ্জায় মাথা নত করে থাকতে হবে।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম। এতে ইউএন উইমেনের দেশীয় প্রতিনিধি ক্রিস্টিন সুসান হান্টার, জাতিসংঘ জনসংখ্যা তহবিল-ইউএনএফপিএর দেশীয় প্রতিনিধি আর্জেন্টিনা পি মাতাভেল আলোচনায় অংশ নেন।