নারীর অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ায়...
বগুড়ার শেরপুর উপজেলায় জোর করে এক নারীর অশ্লীল ছবি তুলে মুঠোফোনে ও কম্পিউটারে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. ফেরদৌস নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বুধবার রাতে উপজেলার চকপাথালিয়া গ্রামের ওই তরুণকে তাঁর নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, গ্রেপ্তার হওয়া ফেরদৌসসহ নিতাই চন্দ্র ও লাল মিয়া নামের তিন তরুণ বেশ কিছুদিন ধরে চকপাথালিয়া গ্রামের ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় ওই নারীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে ওই তিন তরুণ সেখানে যান। পরে হত্যার হুমকি দিয়ে তাঁরা ওই নারীর নগ্ন ছবি মুঠোফোনে ধারণ করেন। পরবর্তী সময়ে তাঁরা ওই ছবি বিভিন্ন ব্যক্তির মুঠোফোন এবং কম্পিউটারে ছড়িয়ে দেন। পরে স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসা না হওয়ায় ৭ অক্টোবর বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত-২-এ ওই নারী বাদী হয়ে মামলা করেন। ২৯ অক্টোবর রাতে শেরপুর থানায় মামলাটি রেকর্ড করা হয়।