
বাংলাদেশে গত দুই দশকে মানবিক খাতে নারীর ঈর্ষণীয় অগ্রগতি হলেও, ক্ষমতায়নের জায়গাটি এখনো দুর্বল। কিছু ব্যতিক্রম ছাড়া পরিবার থেকে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে নারীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দুর্বল, নারী ব্যাপকভাবে নির্যাতনের শিকার, সম্পদের ওপর তাঁদের অধিকার নেই বললেই চলে।
৮ মার্চ আসন্ন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল শনিবার প্রথম আলো-ইউএনএফপিএ ‘নারীর ক্ষমতায়ন-মানবতার উন্নয়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে। আলোচনার সূচনা করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য খাতে নারীর যে অগ্রগতি তাতে করে আমরা স্বস্তি পেতে পারি। কিন্তু অত্যাচার-নির্যাতন খুব একটা কমেনি। সমাজের ভেতরেই সংকট রয়ে গেছে।’
প্রথম আলোর কার্যালয়ে আয়োজিত ওই বৈঠকে আলোচকেরা বলেন, নারী ব্যাপক পরিসরে সক্ষমতা অর্জন করেছে, কিন্তু ক্ষমতায়ন সে তুলনায় কম। নারীকে আরও বেশি ক্ষমতায়িত করতে হলে রাজনীতিতে নারীকে ব্যাপকভাবে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। ক্ষমতায়নের জন্য রাষ্ট্র যদি একটি কাঠামো দাঁড় করায়, তাহলেই কেবল নারীদের যে উন্নয়ন তা টেকসই হতে পারে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘১৮ বছরের আগে বিয়ে নয়, এ দাবির সঙ্গে আমি একমত। প্রয়োজনে বিয়ের বয়স বাড়ানো হোক।’ তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়নে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রীর আন্তরিকতার কারণে নারীদের ক্ষমতায়ন সম্ভব হয়েছে। উন্নয়নের সবচেয়ে বড় চালিকাশক্তি হলো রাজনীতি। রাজনীতিতে ভুলত্রুটি থাকতে পারে, কিন্তু রাজনীতিই উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে গেছে। তবে, নারী উন্নয়নে তিনি উন্নয়ন সহযোগী বেসরকারি সংস্থা ও নারী আন্দোলন যাঁরা করছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান।
বৈঠকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, নারীরা কাজ করতে প্রস্তুত, কিন্তু অনেক ক্ষেত্রে সহযোগিতা পায় না। সহযোগিতার জন্য ওপরের দিকে তাকিয়ে থাকতে হয়, অনেকেরই মনোভাব এমন, যেন করুণা করছেন। রাজনীতি করলে নারীরা বেপরোয়া হয়ে উঠতে পারে সমাজের এমন একটি ভুল ধারণার জন্য মেয়েরা রাজনীতিতে নামতে চাইলেও বাধাপ্রাপ্ত হয়, তাদের অভিভাবকেরাও চান না। রাজনীতি সম্পর্কে মানুষের মধ্যে যে ভুল ধারণা সেটা ভেঙে দেওয়ার উদ্যোগ রাজনীতিবিদদেরই নিতে হবে বলে তিনি উল্লেখ করেন।
সিডওর সাবেক চেয়ারপারসন সালমা খান বলেন, একেবারে শীর্ষ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অল্প কিছু নারীর আছে। কিন্তু রাষ্ট্রকে আট কোটি নারীর কথা চিন্তা করতে হবে। যাঁরা সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে গিয়েছেন, তাঁরাও নিজেদের যোগ্যতায় কষ্ট করে গিয়েছেন, তাঁদের জন্য কোনো অনুকূল কাঠামো ছিল না। তিনি বলেন, এখনো নারীর সংসার ও পরিবারের জন্য করা কাজ শ্রম হিসেবে বিবেচিতই হয় না।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, নারী নিজের প্রয়োজনে শ্রমবাজারে যুক্ত হয়েছে, কেউ তার আসার পথ তৈরি করে দেয়নি। নীতিনির্ধারণী পর্যায়ে এখন যে নারীরা আছেন, তাঁরা নারীবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য কাজ করছেন। কিন্তু নারী উন্নয়ন যদি পদ্ধতি ধরে না এগোয়, তাহলে তা টেকসই হবে না। তিনি আরও বলেন, নারীরা হিমালয়ের চূড়ায় উঠেছে, কিন্তু নারীর প্রতি পুরুষের যে মনোভাব তা এখনো অনেক নিচে পড়ে রয়েছে।
ব্র্যাক ইনস্টিটিউট ফর গভর্ন্যান্সের সেন্টার ফর জেন্ডার অ্যান্ড সোশ্যাল ট্রান্সফরমেশনের উপ-সমন্বয়ক ও প্রধান গবেষক মাহীন সুলতান আলোচনার মূল বিষয়বস্তু উপস্থাপন করেন। তিনি বলেন, নারী নির্যাতন এখনো অনেকের চোখে খুব স্বাভাবিক বিষয়। যাঁরা স্বাভাবিক বলে মনে করেন, তাঁদের মধ্যে স্বাস্থ্যসেবা প্রদানকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন।
আইন কমিশনের সদস্য এম শাহ আলম বলেছেন, গত দুই দশকে সুপ্রিম কোর্ট নারীদের অধিকার রক্ষায় অনেকগুলো রায় দিয়েছেন। এই রায়গুলোর সুফল যেন নারীরা পেতে পারে, সে জন্য তাঁরা একটি প্রতিবেদন তৈরি করে রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন দুই বছর আগে। তিনি আরও বলেন, ধর্মের অপব্যাখ্যাকারীরা ধর্মকে নারীর অধিকার ক্ষুণ্ন করার কাজে লাগাচ্ছেন।
চলচ্চিত্রাভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বেশ অগ্রগতি হয়েছে। বাংলাদেশের পরিবেশ অনেকটাই নারীবান্ধব।
বাল্যবিবাহের কারণে বাংলাদেশের নারীরা উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, অপুষ্টিতে ভুগছে এবং প্রসব-পরবর্তী সমস্যায় ভুগছে; বিয়ের বয়স আরও কমানো হলে দেশ ধ্বংসের মুখে পড়বে বলে মন্তব্য করেন ব্র্যাকের জেন্ডার, জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি অ্যান্ড মাইগ্রেশন কর্মসূচির প্রধান শীপা হাফিজা।
পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম জানান, ঝরে পড়ার কারণে বাংলাদেশে উচ্চশিক্ষা খাতে পুরুষ নারীর অনুপাত ১০০:৬৬, ভারতে ১০০:৭৩ এবং শ্রীলঙ্কায় ১০০:১৯২। তিনি বলেন, নারীদের মাথায় রেখেই এখন উন্নয়ন পরিকল্পনা করা হচ্ছে এবং ২৮টি মন্ত্রণালয় নারীদের জন্য আলাদা বাজেট বরাদ্দ রাখে। পাশাপাশি তিনি এ-ও জানান, সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় ১৯৫টি খাতে টাকা দেওয়া হচ্ছে, কিন্তু তার মাত্র ১৩টির সরাসরি উপকারভোগী নারী।
বাংলাদেশে ইউএনএফপিএর জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক শামিনা পারভিন বলেন, মন্ত্রণালয়গুলো জেন্ডার সংবেদনশীল বাজেট করছে, টাকা বরাদ্দ রাখছে ঠিকই। কিন্তু টাকাটা কোথায়, কীভাবে ব্যয় হচ্ছে তা দেখছে না।
নারী নির্যাতনরোধে সরকারের মাল্টি-সেক্টোরাল প্রোগ্রামের পরিচালক আবুল হোসেন বলেন, নির্যাতনের শিকার হয়ে যে একবার আদালতে যাচ্ছে, সে আর দ্বিতীয়বার যেতে চায় না। তাই নারীর সুবিচার পাওয়ার সুযোগটা খুব সীমিত হয়ে যাচ্ছে।
বাংলাদেশ পুলিশের সহকারী মহাপরিদর্শক রখফার সুলতানা খানম জানান, নির্যাতনের শিকার নারীদের সেবা দিতে পুলিশ আলাদা একটি বিভাগ চালু করেছে। এই বিভাগের সব কর্মকর্তাও নারী।
তরুণদের প্ল্যাটফর্ম ইউএনওয়াইএপির সদস্য নেওয়াজ শরীফ বলেন, সব কর্মসূচিতে তরুণদের যুক্ত করতে হবে। তরুণদের বিরুদ্ধে যেমন নারী নির্যাতনের অভিযোগ ওঠে, তেমন প্রতিরোধও করে তরুণেরা।
একই প্ল্যাটফর্মের অপর সদস্য মুনতাকা নুসরাত বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে তরুণদের কাছে যৌনজীবন ও প্রজননবিষয়ক সঠিক তথ্য পৌঁছাতে হবে।
ইউএনএফপিএর মাতৃস্বাস্থ্য বিশেষজ্ঞ শামিমা শারমিন বলেন, কিশোর-কিশোরীদের যৌনজীবন ও প্রজননস্বাস্থ্য অধিকার নিয়ে সরকার নীতিমালা করেছে, কিন্তু তারা কতটা সেবা পাচ্ছে সেটা দেখা হচ্ছে না।
আলোচকেরা নারী উন্নয়নে গণমাধ্যমের ভূমিকার কথা বলেন। এটিএন বাংলার বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী বলেন, গণমাধ্যমে নারীর উপস্থিতি বেড়েছে। তবে সনাতন ধ্যান-ধারণা থেকে মাধ্যমগুলো এখনো ততটা বেরোতে পারেনি।
গোলটেবিল বৈঠকটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। উপস্থিত ছিলেন ইউএনএফপিএর জাতীয় কর্মসূচি ব্যবস্থাপক আসমা আকতার ও নারীপক্ষের সদস্য রাশিদা হোসেন।