দেশের সংবিধানে নারী-পুরুষের সম-অধিকার স্বীকৃত। এর পরও নারীর ওপর অব্যাহত সহিংসতা ও ক্রমবর্ধমান যৌন নিপীড়নের হার রাষ্ট্রের নিপীড়ক চরিত্রকেই তুলে ধরে।বিপ্লবী নারী সংহতি আয়োজিত এক উন্মুক্ত সংলাপে বক্তারা এ কথা বলেছেন। তাঁদের অভিযোগ, যৌন নিপীড়নের শিকার হওয়ার পর নারীকে রাষ্ট্রের আইন ও বিচারব্যবস্থায় নতুন করে নিপীড়নের মুখোমুখি হতে হয়।গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপে এই সংলাপ অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক নারী দিবস ও সংগঠনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির শেষ দিনের এই অনুষ্ঠান সঞ্চালন করেন সংগঠনের সহসমন্বয়ক তাসলিমা আখ্তার। মূল বক্তব্য উপস্থাপন করেন সমন্বয়ক শ্যামলী শীল।তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সরকার জাতিসংঘের নারী দিবসের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। কিন্তু এর মূল ভাবটিই অগ্রাহ্য করা হয়েছে। দেশের নারী ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের আইন করেছে সরকার। কিন্তু এর সঠিক বাস্তবায়নে নজরদারি নেই।উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, শিক্ষা, চাকরি ও রাজনীতিতে নারী যখন নিজ মেধা, যোগ্যতা ও দক্ষতা নিয়ে এগিয়ে যাচ্ছেন; তখন পুরুষতান্ত্রিক সমাজের নেতিবাচক মানসিকতার কারণে নারীরা নানা নির্যাতনের মুখোমুখি হচ্ছেন। দেশের অর্ধেক এই নারীসমাজকে আড়ালে রেখে দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।অনুষ্ঠানে নাসিম আখতার হোসাইন, জোনায়েদ সাকি, গীতি আরা নাসরিন, সাদিয়া আরমান, ফওজিয়া হোসেন, সঙ্গীতা ইনাম ও তাসলিমা আখতার বক্তব্য দেন।