‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ প্রতিপাদ্য সামনে রেখে বিভিন্ন স্থানে গতকাল বুধবার আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে।
শেরপুরে সভায় জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন বলেন, সমাজের সব ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে হবে এবং নারীদের আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
শেরপুরে দুপুরে বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখাসহ কয়েকটি সংগঠনের উদ্যোগে পৌর নিউমার্কেট চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন সংগঠনের লোকজন ও শিক্ষার্থীরা অংশ নেয়। শোভাযাত্রা শেষে নিউমার্কেটে বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে আলোচনা সভা হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা হয়। সেখানে সভাপতিত্ব করেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. লুৎফুল কবীর। সভায় জেলা প্রশাসক বলেন, শেরপুরের চালকলে কর্মরত নারী শ্রমিকদের মজুরিবৈষম্য দূর করার জন্য প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।
সকাল সাড়ে ১০টার দিকে নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সাজেদা আরফিনের সভাপতিত্বে আলোচনা সভা হয়।
সকাল ১০টার দিকে জামালপুর শহরের বকুলতলা থেকে শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন নারী সংগঠনের কর্মীরা অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা হয়। পরে জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান জেলার শ্রেষ্ঠ প্রতিবন্ধী নারী উদ্যোক্তা হিসেবে হামিদা আক্তারকে একটি সেলাই মেশিন দেন।
কিশোরগঞ্জে সকালে জেলা শহরের পুরাতন স্টেডিয়াম থেকে শোভাযাত্রা বের করা হয়। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস। পরে জেলা কালেক্টরেট সম্মেলনকক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনা সভা হয়।
সকাল ১০টার দিকে নেত্রকোনা শহরের ছোট বাজার এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়ক থেকে শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান সড়কগুলো ঘুরে এটি মোক্তারপাড়া এলাকায় পাবলিক হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফেরদৌসী বেগমের সভাপতিত্বে আলোচনা সভা হয়। নারীনেত্রী মনোয়ারা হামিদ এটি সঞ্চালনা করেন।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সকালে টাঙ্গাইলের প্রত্যন্ত বেলতা দক্ষিণ পাড়া গ্রামে শোভাযাত্রা ও আলোচনা সভা করে। মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সরকারি সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান।
সখীপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বেলা ১১টায় আলোচনা সভা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী সরকার রাখী সভাপতিত্ব করেন। এ ছাড়া ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি কালিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে মানববন্ধন ও আলোচনা সভা করে।