নারীর কল্যাণের প্রতিশ্রুতি মহিলা কাউন্সিলর প্রার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী পৌরসভার নির্বাচনে নারীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা। এই পৌরসভার অর্ধেকেরও বেশি ভোটার নারী।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভার মোট ভোটার ২৭ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ১৩ হাজার ৭৫৮ জন। এবার তিনটি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ১০ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, নারীর প্রতি সহিংসতা রোধ, যৌতুক, বাল্যবিবাহ, দুস্থ নারীদের পুনর্বাসনসহ নারীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ওই প্রার্থীরা ভোট ও দোয়া চাইছেন।
সুন্দরদী এলাকায় গত মঙ্গলবার বিকেলে দেখা যায়, ভোটারের কাছে ভোট চাইছেন ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী সালমা আক্তার। এ সময় তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল নারীদের জন্য কী করতে চান, জবাবে তিনি বলেন, ‘এলাকার বেশির ভাগ লোক দরিদ্র ও অশিক্ষিত। এলাকায় যৌতুক, বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা খুব বেশি। এখান থেকে এসব সমস্যা দূর করতে আমি প্রার্থী হয়েছি।’ এই ওয়ার্ডের প্রার্থী বর্তমান কাউন্সিলর সেলিনা আক্তার বলেন, ‘দুস্থ নারীদের পুনর্বাসনে অনেক কাজ করেছি। অনেক সময় সালিস বৈঠকে পুরুষদের প্রভাবের কাছে অসহায় বোধ করেছি। তাই নারীদের জন্য আরও কাজ করতে এবারও নির্বাচন করছি।’
৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী বর্তমান কাউন্সিলর খায়রুন নাহার বলেন, ‘গত পাঁচ বছর দুস্থ নারীদের জন্য অনেক কাজ করেছি, দুস্থ নারীদের আরও সেবা করতে এবারও নির্বাচন করছি।’ ওই ওয়ার্ডের প্রার্থী ও উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য রুনু সেরনিয়াবাত বলেন, ‘পুরুষ শাসিত সমাজে নারীদের অধিকার আদায় করতে আমি প্রার্থী হয়েছি। নারীদের স্বার্থ সংরক্ষণে বিভিন্ন সময় কাজ করতে গিয়ে নানা প্রতিকূলতায় পড়তে হয়েছে। পুরুষেরা যতই নারীর মর্যাদার কথা বলুন না কেন, তাঁরা সর্বদা নারীকে বৈষম্যের চোখে দেখেন।’
৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী বর্তমান কাউন্সিলর সাবিনা আক্তার বলেন, তাঁর এলাকার বেশির ভাগ লোক হতদরিদ্র। তাঁদের জন্য কেউ কাজ করেন না। পুনরায় নির্বাচিত হলে নারীসহ এলাকার অবহেলিত মানুষের জন্য কাজ করবেন। একই ওয়ার্ডের প্রার্থী রোকেয়া বেগম বলেন, ‘আমি বিজয়ী হতে পারলে নারী সমাজের নিরক্ষরতা দূরীকরণ ও পুঁজি গঠনের লক্ষ্যে সঞ্চয়ে দুস্থ নারীদের উদ্বুদ্ধ করব।’ আরেক প্রার্থী রুমা বেগম বলেন, ‘নারীর প্রতি বৈষম্যের অভিজ্ঞতাই আমাকে নারী সমাজের নেতৃত্ব দিতে উৎসাহিত করেছে।’ তিনি বলেন, দুস্থ নারীদের অর্থনৈতিক মুক্তিই তাঁর প্রধান নির্বাচনী অঙ্গীকার।