নারীর কাজের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধান উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত মোট ২৩টি ধাপ পার হতে হয়। এর মধ্যে ১৭টি কাজই করে নারী। অর্থনৈতিক অন্যান্য খাতেও নারীর অবদান অনেক।


এ ছাড়া সন্তান লালন-পালনসহ সংসার সামাল দেন নারী। তবে নারীর এসব গৃহস্থালি কাজের মূল্যায়ন নেই, নেই স্বীকৃতি। মোট দেশজ উৎপাদনে (জিডিপি) নারীর অংশগ্রহণ কত—তা-ও জানার উপায় নেই।

আজ বুধবার ইংরেজি দৈনিক ডেইলি স্টার ও বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত গোলটেবিল বৈঠকে আলোচকেরা এসব কথা বলেন। বৈঠকে নারীর কাজের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন বক্তারা।


ডেইলি স্টার কার্যালয়ে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে মূল বক্তব্য উপস্থাপন করেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। তিনি বলেন, ইচ্ছে করলেই নারীকে অমর্যাদা করা যায়, সমাজের এ মানসিকতার পরিবর্তন জরুরি। পারিশ্রমিক ছাড়া নারী যেসব কাজ করছেন, তার স্বীকৃতি দিতে হবে।


শাহীন আনাম জানান, চলতি বছরের মার্চ থেকে মানুষের জন্য ফাউন্ডেশনের ১২২টি সহযোগী সংগঠন এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় একসঙ্গে ‘মর্যাদায় গড়ি সমতা’ শীর্ষক একটি প্রচারণা শুরু করেছে। এতে অর্থনৈতিক ক্ষেত্রে নারীর অবদান আসলে কতটুকু, তা গবেষণাসহ বিভিন্ন মাধ্যমে খুঁজে বের করা হবে।


বৈঠকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম বলেন, জিডিপিতে নারীর অবদান কত, তা দেখার জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি নারীর ক্ষমতায়নে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।


ইউকে এইড ও অস্ট্রেলিয়ান এইডের সহায়তায় গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে অস্ট্রেলিয়ান হাইকমিশনের কাউন্সেলর প্রিয়া পাওয়েল এবং ইউকে এইডের দেশীয় প্রতিনিধি সারাহ কুক অংশ নেন। তাঁরা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নারীর কাজের মূল্যায়ন করা হয় না। নারীর কাজের মূল্যায়ন হলেই নারীর প্রতি সহিংসতা কমবে। নারী তার যথাযথ মর্যাদা পাবে।


বৈঠকে আলোচনার শুরুতে ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম বলেন, নারী এত এত কাজ করছে, কিন্তু তার মূল্যায়ন হয় না। কৃষি ক্ষেত্রে মূল্যায়ন তো হয়ই না, বরং অবমূল্যায়ন হয়। সময় এসেছে নারীর কাজের যথাযথ মর্যাদা ও মূল্যায়ন করার।


বৈঠকে নারীনেত্রী আয়শা খানম, সালমা খান, সালমা আলী, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, শাইখ সিরাজ, সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক ফাহমিদা খাতুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।