
দেশে দিন দিন কৃষিতে উৎপাদন কমছে। সমাধান হিসেবে সনাতন চাষাবাদ পদ্ধতিতে ফিরে যাওয়ার কথা বলা হচ্ছে। আর ওই পদ্ধতিতে নারী এমনভাবে জড়িত যে তাঁকে বাদ দিয়ে, তাঁর কাজের মূল্যায়ন না করে কৃষি উন্নয়ন সম্ভব নয়।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘কৃষিতে নারী’ শীর্ষক মুক্ত সংলাপে কৃষিবিদ, নারী আন্দোলনকর্মী ও ভবিষ্যৎ কৃষিবিদেরা এ কথা বলেন। প্রথম আলো বন্ধুসভা ও মানুষের জন্য ফাউন্ডেশনের মর্যাদায় গড়ি সমতা কার্যক্রমের উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়। সংলাপে নারীর কাজ মূল্যায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কথা বলা হয়।
চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ ফসল উৎপাদনে বীজ উৎপাদন থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে নারীর গুরুত্বপূর্ণ অবদানের কথা বলেন। তিনি বলেন, সৃষ্টিশীল ও নিপুণ বলেই তাঁরা এ কাজগুলো যত্নের সঙ্গে করেন। তিনি কৃষিসভ্যতা রক্ষায় যৌথ পরিবারের গুরুত্বের কথা বলেন।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘আমাদের সমাজে এখনো নারীকে পুরুষের মতো সমান চোখে দেখা হয় না। এখনো আমাদের নারী, এমনকি পুরুষেরাও পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার বৈষম্যের শিকার।’ তিনি এ ব্যবস্থা পরিবর্তনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
অভিনেতা আফজাল হোসেন বলেন, নারী পুরুষের চেয়ে বেশি কাজ করেন এই সত্যকে অনেকেই কৌতুকের চোখে দেখেন। কৃষিক্ষেত্রেও নারী তাঁর প্রাপ্য পান না বলেই এটি নিয়ে প্রশ্ন ওঠে।
প্রশ্নোত্তরপর্বে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী মুমিতুল মিম্মা প্রশ্ন করেন, সমাজে এত পরিবর্তন ও কৃষিক্ষেত্রে নারীর অবদান বৃদ্ধির পরও কেন নারীদের চিৎকার করে তাঁদের অবদানের কথা বারবার বলতে হয়?
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামালউদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক আবু নোমান ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাট্যকর্মী রোকেয়া প্রাচী।