চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায় বলেছেন, প্রথাগত সামাজিক বিচারে যেন নারীরা বৈষম্যের শিকার না হয়, সেদিকে দৃষ্টি দিতে হবে। বৈষম্যের কারণে নারীরা ক্ষতিগ্রস্ত হলে সেটা সমাজেরই ক্ষতি।
গতকাল বুধবার সকাল ১০টায় রাঙামাটি শহরের আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র মিলনায়তনে বেসরকারি সংস্থা ‘পূগবেল’ আয়োজিত তিন দিনব্যাপী নারী অধিকারবিষয়ক কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজা দেবাশীষ রায় এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূগবেলের সাধারণ সম্পাদক ডায়না চাকমা।
রাজা দেবাশীষ রায় বলেন, প্রথাগত বিচারপদ্ধতিতে সংস্কার আনা প্রয়োজন। সে ক্ষেত্রে আইনের ভালো দিকগুলো সংরক্ষণ এবং খারাপ দিকগুলো বর্জন করতে হবে। নারীর অধিকার রক্ষায় পুরুষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে নারী নির্যাতন বাড়ছে। ভূমি বেদখল, উচ্ছেদসহ আতঙ্ক সৃষ্টির প্রধান শিকার নারী ও শিশু। পুরুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আর সামাজিক আন্দোলনের মাধ্যমে নারী নির্যাতন বন্ধ করতে হবে।
চাকমা সার্কেলের ৯০ জন নারীকে গ্রামপ্রধান (কার্বারি) নিয়োগ দেওয়ায় দেবাশীষ রায়কে ধন্যবাদ জানিয়ে পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা বলেন, এতে নারীর ক্ষমতায়নের পাশাপাশি সামাজিক বিচারে নারীরা সুরক্ষা পাবে।
পূগবেলের নির্বাহী পরিচালক শান্তিপদ চাকমা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় হিউম্যান রাইটস ফর সিএইচটি ইনডিজেনাস উইমেন প্রকল্পের আওতায় রাঙামাটি জেলার আদিবাসী সামাজিক নেতা মৌজাপ্রধান ‘হেডম্যান’ ও গ্রামপ্রধান ‘কার্বারি’দের নারী অধিকার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে দ্বিতীয় পর্যায়ে তিন দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়েছে।