নারীর ক্ষমতায়নে কাজ করতে চান দুই প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংরক্ষিত ওয়ার্ড (২৪, ২৫ ও ২৯) কাউন্সিলর পদপ্রার্থী আলেয়া পারভীন সোমবার লালবাগের পোস্তায় গণসংযোগ করেন। ছবি l আবদুস সালাম।
সংরক্ষিত ওয়ার্ড (২৪, ২৫ ও ২৯) কাউন্সিলর পদপ্রার্থী আলেয়া পারভীন সোমবার লালবাগের পোস্তায় গণসংযোগ করেন। ছবি l আবদুস সালাম।

‘নারীর উন্নয়ন, রনজু আপার দুই নয়ন’। ‘নারীর ক্ষমতায়ন, শানু আপাকে করেন সমর্থন’। সমাজে অবহেলিত নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে রিকশায় মাইক লাগিয়ে এভাবেই ‘নারীবান্ধব’ স্লোগান প্রচার করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আসনের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী আলেয়া পারভীন ওরফে রনজু ও শাহীন আক্তার ওরফে শানু।
গতকাল সোমবার বিকেলে পুরান ঢাকার জগন্নাথ সাহা রোডে নির্বাচনী প্রচারণার এমন স্লোগান শোনা যায়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৪, ২৫ ও ২৯ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই সংরক্ষিত ওয়ার্ড। এতে মহিলা কাউন্সিলর পদে লড়ছেন দুজন। আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন আলেয়া পারভীন (গ্লাস), আর বিএনপির সমর্থন পেয়েছেন শাহীন আক্তার (পান)। আলেয়া মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও শাহীন লালবাগ মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক। দুজনেই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
গতকাল বিকেলে লালবাগের রাজা শ্রীনাথ রায় স্ট্রিট এলাকায় কথা হয় শাহীন আক্তারের সঙ্গে। গতকাল কেল্লার মোড়, রাজা নারায়ণ দাস রোডসহ অন্যান্য রোডে প্রচারণা চালান তিনি। শাহীন বলেন, ‘সমাজে নারীরা অবহেলিত ও লাঞ্ছিত। নারীর সঠিক মূল্যায়ন করে না পুরুষশাসিত সমাজ। তাই সমাজে নারীর ক্ষমতা বাড়াতেই “নিজ যোগ্যতা” নিয়েই কাউন্সিলর পদে নির্বাচন করছি। কারণ, নারীর ক্ষমতা থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে নারীরা লাঞ্ছিত হতো না।’
শাহীন আক্তার বলেন, ‘আমার এলাকার অধিকাংশ পরিবার টাকার অভাবে মেয়েদের স্কুলে পড়াতে পারে না। অল্প বয়সেই তাদের বিয়ে দেওয়া হচ্ছে। এতে করে সমাজে যৌতুকপ্রথা বেড়েই চলছে। তাই জনগণ আমাকে ভোট নিয়ে নির্বাচিত করলে নারীসমাজের উন্নয়নে কাজ করব। তবে এ জন্য চাই ফেয়ার (স্বচ্ছ) নির্বাচন।’
সংরক্ষিত এই ওয়ার্ডের নারীর ক্ষমতায়নে ১০ দফা পরিকল্পনার কথা জানিয়েছেন আলেয়া পারভীন। তাঁর প্রতিটি পরিকল্পনাই ‘নারী সমাজব্যবস্থা নিয়ে’। গতকাল বিকেলে নির্বাচনী প্রচারণার সময় রাজা শ্রীনাথ রায় স্ট্রিট এলাকায় কথা হয় তাঁর সঙ্গে। সাবেক এ কাউন্সিলর বলেন, সমাজে নারীরা নির্যাতিত ও অবহেলিত, তাঁর প্রমাণ বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা। তাই প্রতিরোধে দেশের নারীসমাজকে এগিয়ে আসতে হবে। আমি নির্বাচিত হলে এসব অবহেলিত নারীর পক্ষে কাজ করব।’
আলেয়া পারভীন বলেন, ‘আমি ক্ষমতায় না থেকেও এলাকার নারীদের বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানে চাকরি দিয়েছি। তাঁদের নিজের পায়ে দাঁড়াতে শিখাইছি। প্রতিবাদ করতে শিখাইছি জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে।’ তিনি আরও বলেন, তিনটি ওয়ার্ড নিয়ে একটি সংরক্ষিত আসন। এতে প্রচারণা চালাইতে অনেক কষ্ট। তাই ওয়ার্ড তিনটি থেকে দুটি করাতে সরকারের কাছে দাবি জানাই।’ একই দাবি জানিয়েছেন শাহীন আক্তার।