নারীর ক্ষমতায়নে বিশ্বে সপ্তম বাংলাদেশ: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমানে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে বিশ্বে সপ্তম স্থানে অবস্থান করছে। এ ক্ষেত্রে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে।
আজ বুধবার ঢাকার মিরপুরে পুলিশ স্টাফ কলেজের পিএসসি কনভেনশন হলে বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্কের দ্বিতীয় জাতীয় সম্মেলন-২০১৪ অনুষ্ঠানে স্পিকার এ কথা বলেন। খবর বাসসের।
স্পিকার বলেন, আন্তর্জাতিক পর্যায়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নারী পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকা বাংলাদেশের নারীর ক্ষমতায়নকে আরও সুদৃঢ় করেছে। তবে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রতিরক্ষা বাহিনীসহ সব ক্ষেত্রে ভবিষ্যতে নারীদের অংশগ্রহণ আরও বাড়াতে হবে। তিনি বলেন, নারী পুলিশের সংখ্যা বাড়িয়ে তাঁদের সুষ্ঠু পরিবেশে কাজ করার সুযোগ দিলে তাঁরা অপরাধ দমনের মাধ্যমে নারীর ক্ষমতায়নে অবদান রাখতে সক্ষম হবেন।
বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্কের সভাপতি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মিলি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সি কিউ কে মোস্তাক আহমদ, আইজিপি হাসান মাহমুদ খন্দকার প্রমুখ।
স্পিকার বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্কের ওয়েবসাইট উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বিশ্বায়নের এ যুগে বিভিন্ন নেটওয়ার্কিং কার্যক্রমে নারীদের সম্পৃক্ত করতে হবে। সামাজিক মূল্যবোধের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে সমাজের সব ক্ষেত্রে নারীর অধিকার নিশ্চিত করতে হবে। নারীর সম-অধিকার, নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে আরও বেশি সচেতন হতে হবে।