
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নারীর ক্ষমতায়নের কথা মুখে বললে হয় না। এটা অর্জন করে নিতে হয়।’ তিনি বলেন, ‘নারীদের কোথাও জায়গা ছিল না। আমরা প্রথম মহিলা স্পিকারসহ একে একে সব জায়গায় আমাদের বোনদের জন্য যাতে স্থান থাকে, সেই ব্যবস্থা করে দিয়েছি।’
গতকাল রোববার বিকেলে গণভবনে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রার্থী নারীনেত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ১৫ থেকে ১৭ জানুয়ারি সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী মনোনয়নের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হয়। প্রতিটি ফরমের দাম ২৫ হাজার টাকা হলেও ৮২২ জন ফরম কেনেন। গতকাল গণভবনে তাঁদের সবাইকে একসঙ্গে ডাকা হয়।
সংরক্ষিত আসনে মনোনয়ন-প্রার্থীদের সঙ্গে বৈঠকের পর আওয়ামী লীগের সংসদীয় বোর্ড বৈঠক করে। বৈঠকে বলা হয়, নির্বাচনের তফসিল ঘোষণার পর নারী প্রার্থীদের মনোনয়ন ঘোষণা করা হবে।
গণভবনের সবুজ চত্বরে একসঙ্গে বিপুলসংখ্যক নারী দেখে প্রধানমন্ত্রী রবীন্দ্রনাথের কবিতা উদ্ধৃত করে বলেন, ‘ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোটো সে তরী/ আমারি সোনার ধানে গিয়েছে ভরি’।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ভাগে ৩৬টি আসন। আবেদন পেয়েছি ৮২২টি। আমি খুব আনন্দিত। সবাইকে তো আর খুশি করতে পারব না। উৎসাহ-উদ্দীপনা—এটাই বড় কথা।’ মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘নারী জাগরণ বলতে যা বোঝায়, এখানে তা ঘটে গেছে। সংসদে অংশ নেওয়ার জন্য আপনারা এগিয়ে এসেছেন, এটাই বড় অর্জন। রাজনীতি একদিনে শেষ হয়ে যায় না। যাঁর যাঁর এলাকায় কাজ করবেন।’ তিনি বলেন, ‘আমাদের কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছেন। সেই পরীক্ষা আমাদের দিতে হবে। সাধারণত একজন একজন করে সাক্ষাৎকার নেওয়ার নিয়ম। কিন্তু প্রার্থী ৮২২ জন। এক মিনিট করে সাক্ষাৎকার নিলেও অনেক সময় লাগবে। তাই গার্ডেন পার্টি দিলাম।’
পরে প্রধানমন্ত্রী প্রতিটি জেলার নাম ঘোষণা করেন। তখন সংশ্লিষ্ট জেলার প্রার্থীরা দাঁড়িয়ে পরিচিত হন। গোপালগঞ্জ জেলার নাম বলেই হাসতে হাসতে প্রধানমন্ত্রী বলেন, ‘গোপালিরা হয় কপালী, বাকিরা সব গোলাপি।’ সবশেষে শেখ হাসিনা বলেন, ‘সবাইকে মনোনয়ন দিতে পারব না। তবে শীতের পিঠা খাওয়াতে পারব।’
আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সম্পাদক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘সবাই যোগ্য ও অভিজ্ঞ। সবাই সংসদ সদস্য হওয়ার যোগ্যতা রাখেন। হতাশ হওয়ার কোনো কারণ নেই। সামনে আরও অনেক সুযোগ রয়েছে। উপজেলা, সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচন হবে। এসব নির্বাচনে আপনারা অংশ নিতে পারবেন।’
শেখ হাসিনা বলেন, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আবেগ বা ব্যক্তিগত পছন্দ স্থান পাবে না। যোগ্যতাই হবে দলীয় মনোনয়ন প্রাপ্তির প্রধান মাপকাঠি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু ও সুরঞ্জিত সেনগুপ্ত।