
দেশের নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন আমরা নিশ্চিত করতে চাই; যাতে প্রত্যেক নারী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় এবং উন্নত জীবন যাপন করতে পারে। নিজের সংসার ও সমাজকে যেন গড়ে তুলতে পারে।’
প্রধানমন্ত্রী গতকাল শুক্রবার সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস ও রোকেয়া পদক-২০১৬ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
নারী উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর অ্যারোমা দত্ত ও বেগম নুরজাহানকে রোকেয়া পদক প্রদান করা হয়। পুরস্কার হিসেবে তাঁদের হাতে দুই লাখ টাকার চেক, স্বর্ণপদক ও সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন এ মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম।
ভবিষ্যতে রোকেয়া পদক দুজনের বদলে পাঁচজনকে দেওয়ার সিদ্ধান্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। কারণ, প্রতিবছর আমরা রোকেয়া পদক দিচ্ছি মাত্র দুজনকে। অথচ আমাদের বিভিন্ন ক্ষেত্রে আজকে মেয়েরা যথেষ্ট অবদান রাখছেন। তৃণমূল পর্যায় থেকে যাঁরা অত্যন্ত সীমিত সুযোগ নিয়ে নারীশিক্ষায়, নারী জাগরণে, নারীর উন্নয়নে কাজ করে যাচ্ছেন, আমরা তাঁদেরই পুরস্কৃত করতে চাই। একেবারে তৃণমূল পর্যায় থেকেই তাঁদের খুঁজে আনতে চাই এবং পুরস্কারের এই সংখ্যাটি বাড়াতে চাই।’
প্রধানমন্ত্রী বক্তৃতায় আরও বলেন, ‘পুরস্কারটি আর কিছু নয়। এটি একটি উৎসাহ দেওয়া বা প্রেরণা দেওয়া; একটা সম্মান দেওয়া। কাজেই আজকে যাঁরা পুরস্কার পেয়েছেন, তাঁদের আমি সম্মান জানাচ্ছি এবং আমাদের নারী জাগরণে আপনারা আরও এগিয়ে আসবেন, সেটাই প্রত্যাশা।’
শেখ হাসিনা বলেন, শতবর্ষ আগের সমাজবাস্তবতায় বেগম রোকেয়া তখনই বুঝতে পেরেছিলেন, নারীকে নিজের পায়ে দাঁড়িয়েই মুক্তি অর্জন করতে হবে। শিক্ষাই হলো সেই স্বনির্ভরতার সোপান। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সব সময় এটাই বিশ্বাস করি, শিক্ষা ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এ জন্যই শিক্ষার প্রতি আমরা সর্বাধিক গুরুত্ব দিয়েছি।’
শেখ হাসিনা বলেন, বেগম রোকেয়ার লেখা কাব্যগ্রন্থে নারীর মুক্তিতে তাঁর দর্শনের পরিচয় পাওয়া যায়। জাগরণের কাজ ‘কঠিন সাধনার’ মন্তব্য করে তিনি লিখেছিলেন, ‘কোনো ভালো কাজ অনায়াসে হয় না।’
প্রধানমন্ত্রী বলেন, জাতীয় সংসদের স্পিকার একজন নারী। সংসদ নেতা, সংসদ উপনেতা ও বিরোধীদলীয় নেত্রীও নারী। সংসদের চারটি গুরুত্বপূর্ণ পদই নারীরা দখল করে আছেন। তিনি আরও বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি হবেন মেয়েরা—এটা কেউ কোনো দিন স্বপ্নেও ভাবতে পারেননি। যাহোক, আমি উদ্যোগ নিই এবং বিশ্ববিদ্যালয়ের নারী ভিসি, প্রো-ভিসি নিয়োগের ব্যবস্থা নিয়েছি। তাঁরা কিন্তু খুব ভালোও করছেন। এমনকি আমরা বুয়েটেও দিয়েছিলাম (নারী ভিসি) কিন্তু আমাদের দুর্ভাগ্য, তিনি হঠাৎ ক্যানসারে মারা যান।’