এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের চতুর্থ সমাবর্তন
নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করার স্বপ্ন শিক্ষার্থীদের

সকাল ১০টা। সাউন্ড সিস্টেমে বেজে ওঠে ‘সমাবর্তন’-এর সুর। এরপরই কালো গাউন ও টুপি পরা ৬৩ জন শিক্ষার্থী সারিবদ্ধভাবে মিলনায়তনে প্রবেশ করেন। শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও অভিভাবকেরা দাঁড়িয়ে তুমুল করতালির মাধ্যমে তাঁদের বরণ করে নেন। দুই পাশে দাঁড়ানো শিক্ষকদের সঙ্গে হাত মিলিয়ে নির্ধারিত আসনে বসেন স্নাতক উত্তীর্ণ এই শিক্ষার্থীরা।
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠান শুরুর দৃশ্যটি ছিল অনেকটা এ রকমই। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন হল টোয়েন্টিফোরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাবর্তন বক্তা ছিলেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান মার্টিন রমা। তিনি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের পক্ষে এই সমাবর্তন অনুষ্ঠানে স্নাতক ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন।
শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মার্টিন রমা বলেন, ‘বিশ্বব্যাপী লিঙ্গ-সমতা প্রতিষ্ঠায় আমাদের কাজ করতে হবে। সত্যিকারের লিঙ্গ-সমতা প্রতিষ্ঠিত হলে নারী-পুরুষের মধ্যে আর কোনো বৈষম্য থাকবে না। তবে এটি সহজ কাজ নয়।’
সদ্যবিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান মার্টিন রমা বলেন, ‘তোমাদের মধ্যে সম্ভাবনা ও মেধা রয়েছে। যার ফলে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছ। তোমরাই সমাজে পরিবর্তন নিয়ে আসতে পারবে। কেননা তোমরাই পরিবর্তনের মূল চালিকাশক্তি।’ তিনি বলেন, ‘জীবনে এমন কিছুদিন আছে যা ভোলা যায় না, আজ তোমাদের জন্য তেমন একটি দিন। এখন থেকে সমাজ ও দেশের কাজে নিজেকে নিয়োজিত রাখতে হবে।’ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি শিক্ষার্থীদের সহনশীলতা ও নৈতিকতা প্রতিষ্ঠা এবং শিক্ষার বিস্তারে কাজ করার পরামর্শ দেন।
সমাবর্তনে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ডিন অব দ্য ফ্যাকাল্টি অধ্যাপক জন শোয়েডার, স্নাতক সম্পন্নকারী শিক্ষার্থী জেবা তাসনিয়া। সমাবর্তনের আনুষ্ঠানিকতা শেষ হয় সনদ বিতরণের মাধ্যমে। এরপর শুরু হয় ছবি তোলার পর্ব। অভিভাবক, শিক্ষক ও বন্ধুদের সঙ্গে চলে একের পর এক ছবি তোলা। এক ফাঁকে কাটা হয় সমাবর্তন কেক।
স্নাতক ডিগ্রি অর্জন করা শিক্ষার্থীরা নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন, শিশুশ্রম নিরসন, নারী-পুরুষের বৈষম্য রোধে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন প্রথম আলোর সঙ্গে আলাপচারিতায়। অর্থনীতি বিষয়ে স্নাতক করেছেন ম্যান্ডি ইন্দ্রাণী। তিনি বলেন, ‘এখান থেকে শিখেছি কীভাবে নেতৃত্ব দিতে হয়। আমি এখন মানুষ ও সমাজের জন্য কিছু করার স্বপ্ন দেখি।’
তৌফিকা সুলতানা নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘দারিদ্র্য বিমোচন, নারী-পুরুষ বৈষম্য রোধ ও নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করার আগ্রহ রয়েছে।’ তৌফিকার সঙ্গে ছিল তাঁর মা সানোয়ারা বেগম। মেয়ের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘আজ আমাদের পরিবারের জন্য এক অভাবনীয় দিন।’