নারীর ক্ষমতায়ন মানবতার উন্নয়ন
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ২৮ ফেব্রুয়ারি ২০১৫ প্রথম আলো ও ইউএনএফপিএর আয়োজনে ‘নারীর ক্ষমতায়ন—মানবতার উন্নয়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে ছাপা হলো
সহযোগিতায়:UNFPA

আলোচনায় সুপারিশ
১৮ বছরের আগে একজন নারী অনেক কিছু বুঝে উঠতে পারেন না। বিয়ের বয়স কোনোভাবেই যেন ১৮ বছরের নিচে করা না হয়।
নারীরা নিরাপদ বোধ করলেই ঘর থেকে বেরিয়ে আসবেন। এই জায়গাটায় আমাদের কাজ করতে হবে।
স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নারীদের প্রয়োজনীয় তথ্য, পরামর্শ ও চিকিৎসার ব্যবস্থা থাকতে হবে।
নারীর প্রতি সহিংসতা যেন আমাদের সব উন্নয়নের পথে বাধার কারণ না হয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
বেশির ভাগ মন্ত্রণালয়ে জেন্ডার সংবেদনশীল বাজেট আছে। কিন্তু সেই টাকা সংশ্লিষ্ট ব্যক্তিরা পাচ্ছেন কি না, এর কোনো তদন্ত নেই।
আলোচনা
মতিউর রহমান: বাংলাদেশে নারীর অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। দেশের বর্তমান প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী নারী। আরও আনন্দের সংবাদ, বর্তমান িস্পকার নারী। তিনি কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সভাপতি। বাংলাদেশের জন্য এটি একটি বড় অর্জন। আশা রাখি, ভবিষ্যতে দেশের প্রধান বিচারপতিও হবেন নারী।
২০ বছর আগে ‘নারীর চোখে বিশ্ব দেখুন’ স্লোগান নিয়ে বেইজিংয়ে সম্মেলন হয়েছিল। তখন ভোরের কাগজ–এ ছিলাম। মনে আছে, দীর্ঘদিন এ বিষয়ে লেখালেখি করেছি। কোনো সন্দেহ নেই, গত ২০ বছরে দেশের নারীরা অনেক সামনে এসেছেন। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বাংলাদেশের নারীদের ব্যাপক সামাজিক উন্নয়নের কথা বলেন।
তা ছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও মাতৃমৃত্যুর ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এসব অর্জন সত্ত্বেও নারীর প্রতি সহিংসতা রোধ, মতপ্রকাশ ও সিদ্ধান্ত গ্রহণে স্বাধীনতা, নারীর ক্ষমতায়নসহ আরও অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। এখন প্রাথমিক শিক্ষায় প্রায় ৯৮ শতাংশ শিশু ভর্তি হচ্ছে। দেশের দারিদ্র্য হ্রাস পেয়েছে। সাড়ে সাত লাখ নারী প্রতি মাসে ভাতা পাচ্ছেন। এসবই আমাদের অর্জন।
তার পরও সমাজে সর্বক্ষেত্রে নারীর সমানভাবে এগিয়ে আসা, সমান অংশগ্রহণ, সমান অধিকার প্রতিষ্ঠিত হয়নি। সরকার, আন্তর্জাতিক সংস্থা, এনজিও সবাই মিলে নারীর উন্নয়নে কাজ করছে। খুব নিকট ভবিষ্যতে নারীদের আরও নেতৃত্ব ও ক্ষমতা দেখতে চাই।
আব্দুল কাইয়ুম: ১৯৯৪ ও ১৯৯৫ সালে কায়রো ও বেইজিংয়ে নারী সম্মেলন হয়। উভয় সম্মেলনে নারী উন্নয়নের লক্ষ্যে কতগুলো পরিকল্পনা গৃহীত হয়। এসব পরিকল্পনায় বাংলাদেশের অংশগ্রহণ ছিল অন্যতম। এর ফলে বাংলাদেশ মাতৃ ও শিশুমৃত্যুর হার হ্রাস, প্রাথমিক শিক্ষায় কন্যাশিশুদের অন্তর্ভুক্তি বৃদ্ধি, নারী-পুরুষের গড় আয়ু বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
এসব সত্ত্বেও বাংলাদেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে যৌন ও প্রজননস্বাস্থ্য অধিকার নিশ্চিতকরণসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা পিছিয়ে আছেন। আলোচনায় এসব বিষয় আসবে।
মোহাম্মদ নাসিম: আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সংবিধানে নারী-পুরুষের সমান অধিকারের কথা বলা আছে। সবাই জানেন, একাধিকবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী হয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে যা যা করা প্রয়োজন তার প্রায় সবই করছেন। সে জন্যই নারীদের আজ ঈর্ষণীয় পরিবর্তন। সব ক্ষেত্রে নারীরা দক্ষতার পরিচয় দিচ্ছেন। এখন সেনাবাহিনীতে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বিমান চালাচ্ছেন। কী না করছেন নারীরা? নারীরা কাজের প্রতি নিষ্ঠাবান ও দায়িত্বশীল। গার্মেন্টসে নারীরা সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে দেশের উন্নয়নে অবদান রাখছেন। এখন সব ক্ষেত্রে নারীরা পুরুষের সঙ্গে সমানতালে এগিয়ে যাচ্ছেন। নারীর এই অগ্রযাত্রাকে কেউ থামিয়ে রাখতে পারবে না।
মাহীন সুলতান: ভবিষ্যতের ১০-১৫ বছরের উন্নয়ন লক্ষ্যমাত্রায় নারীদের উন্নয়ন লক্ষ্যমাত্রা সঠিকভাবে নির্ধারণ করা জরুরি। নারীর উন্নয়ন বিষয়ে কয়েকটি আন্তর্জাতিক সম্মেলন হয়েছে। কায়রো সম্মেলনে নারীর প্রজননস্বাস্থ্য অধিকারসহ বিভিন্ন বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে এসেছে। বাংলাদেশসহ অন্যান্য দেশের কর্মপরিকল্পনায় এগুলো অন্তর্ভুক্ত হয়েছে। এ ছাড়া বেইজিং সম্মেলনে নারীর অগ্রাধিকারের বিষয়গুলো আমাদের কর্মপরিকল্পনায় এসেছে। এই ২০ বছরে আমরা কী অর্জন করতে পেরেছি, কী পারিনি, সেটা পর্যালোচনা করতে হবে। ভবিষ্যতের টেকসই উন্নয়ন পরিকল্পনায় নারী উন্নয়নের কোন বিষয় অন্তর্ভুক্ত হবে, আমাদের পরিকল্পনা কমিশন সেটা ঠিক করছে। নারী উন্নয়নের চ্যালেঞ্জগুলো হলো সিদ্ধান্ত গ্রহণ ও ক্ষমতায়নে নারীর অবস্থান অত্যন্ত দুর্বল। নারীদের প্রচণ্ড পুষ্টির ঘাটতি রয়েছে। এইচআইভি/এইডস সম্পর্কে তেমন ধারণা নেই। প্রাতিষ্ঠানিক ডেলিভারিতে আমাদের অগ্রগতি খুবই কম। মাত্র ৩২ শতাংশ নারী প্রতিষ্ঠানে ডেলিভাির করান। নারীর উন্নয়নের জন্য সবাই মিলে এ চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে।
এম শাহ্ আলম: অমর্ত্য সেন মাত্র কয়েক দিন আগে বললেন, ‘ভারতসহ বাংলাদেশের পাশের রাষ্ট্রগুলো অর্থনৈতিকভাবে বেশি এগিয়েছে। কিন্তু নারীর সামাজিক উন্নয়নে বাংলাদেশ সবাইকে ছাড়িয়ে গেছে।’ তিনি এটি তথ্য-উপাত্ত দিয়ে প্রমাণ করে দেখিয়েছেন। আমরা বললাম, বাংলাদেশের বর্তমান পারিবারিক কাঠামোতে কি আরও উন্নয়ন সম্ভব? তিনি বললেন, ‘অসুবিধা আছে। তবে এর জন্য কিছু আইন ও নীতিমালার প্রয়োজন হবে।’ আমাদের দেশে নারী উন্নয়নে সরকারের পাশাপাশি প্রধান ভূমিকা রেখেছে নারী সংগঠন, এনজিওগুলো, গণমাধ্যম প্রভৃতি। বিগত ২০ বছরে সরকার অনেক আইন ও নীতি প্রণয়ন করেছে। এ সময়ে আমাদের সুপ্রিম কোর্ট অনেকগুলো রায় দিয়েছেন। এ রায়গুলো সরাসরি নারী উন্নয়নের পক্ষে গেছে। সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে আইন কমিশন কতগুলো আইন ও নীতি প্রণয়নের জন্য সরকারের কাছে সুপারিশ করেছে। বাংলাদেশে নারী সংগঠন, এনজিওসহ আপনারা যঁারা আছেন, সবাই সরকারের ওপর চাপ সৃষ্টি করেন, যাতে সরকার দ্রুত এ আইন ও নীতিমালা বাস্তবায়ন করে। মুসলমান নারী থেকে হিন্দু নারীদের অবস্থা আরও খারাপ। সরকারের ওপর চাপ সৃষ্টি করতে পারলেই নারীদের জন্য আইন ও নীতিমালা দ্রুত বাস্তবািয়ত হবে। এ ক্ষেত্রে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
আয়শা খানম: ভিয়েনা, কায়রো সম্মেলন হতে ১০০ বছর লেগেছে। শুধু ৫০ বছর লেগেছে নারীর অধিকার মানবাধিকার—এই কথার স্বীকৃতি পেতে। বিমান পরিচালনা, প্যারাস্যুট জাম্পিং, হিমালয়ের চূড়া—কোথায় নেই নারী। গত ২০ বছরে আমাদের পিলারের মতো অর্জন আছে। এর জন্য কে কী করেছে, তার থেকে বড় কথা, নারী নিজে ঘর থেকে বেরিয়েছেন। নারী বেরিয়েছেন তাঁর অর্থনৈতিক প্রয়োজনে। গার্মেন্টসে কেউ নারীদের পাঠায়নি, সরকারও বলেনি। নারী বেঁচে থাকার জন্য ছুটে এসেছে। আমাদের দুঃখ হলো, নারীর উন্নয়নে সব দলের ভূমিকা এক রকম দেখি না। আইন কমিশন আছে। পরিকল্পনা কমিশন আছে। অন্যান্য সংস্থা আছে। ভবিষ্যতে নারীর অগ্রযাত্রা যেন ত্বরান্বিত হয়, সবাই মিলে ২০১৫–পরবর্তী টেকসই উন্নয়নের জন্য এমন লক্ষ্যমাত্রা ঠিক করতে হবে।
আমাদের প্রধান সমস্যা পিতৃতান্ত্রিক ধারণা। এ ধারণা অর্ধেক মানুষের। এ দৃষ্টিভঙ্গি থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। তা না হলে নারীর উন্নয়ন হবে না। ২০১৪ সালে ৬৫০ জন নারী ধর্ষিত হয়েছেন। নারীর উন্নয়নের জন্য এমন পদ্ধতি ও নীতিমালা হতে হবে, যাতে ক্ষমতার পালাবদলে নারীর উন্নয়নেরও পালাবদল না হয়।
নেওয়াজ শরীফ: বেইজিং সম্মেলনের পর গত ২০ বছরে নারীর ব্যাপক উন্নয়ন হয়েছে। এখন দরকার তাদের জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া। নারীরা আগে ঘরমুখী ছিলেন, এখন বাইরে অনেক চ্যালেঞ্জিং কাজ করছেন। তবে চ্যালেঞ্জিং কাজে নারীর অংশগ্রহণ আরও বাড়াতে হবে। এ জন্য প্রয়োজন নারীবান্ধব পরিকল্পনা। যেমন নারীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তাঁদের জন্য বিভিন্ন ধরনের বৃত্তির ব্যবস্থা থাকতে হবে। তরুণদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। শহর ও গ্রামের তরুণদের বৈষম্য দূর করতে হবে। গ্রামের তরুণদের সচেতন করার উদ্যোগও নিতে হবে।
শীপা হাফিজা: অনেকে নারীর উন্নয়নে কিছু জটিল ক্ষেত্র আলোচনা করেছেন। কিছু চ্যালেঞ্জ আলোচনায় এসেছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাল্যবিবাহ। বাল্যবিবাহের জন্য সহিংসতা বেশি হয়। অধিকাংশ ক্ষেত্রে মাতৃমৃত্যুর কারণও বাল্যবিবাহ। বাল্যবিবাহ রোধ করা একটা বড় চ্যালেঞ্জ। অল্পবয়সী মা ও তাঁর সন্তান দীর্ঘ মেয়াদে অসুস্থতায় পড়ে যায়। বাল্যবিবাহ রোধ করতে পারলে নারীর উন্নয়নে বড় এক ধাপ অগ্রগতি হতো। ১৮ বছর হলো আন্তর্জাতিকভাবে নারীদের প্রকৃত বিয়ের বয়স। বাংলাদেশ আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে এবং মেনে নিয়েছে ১৮ বছরই মেয়েদের বিয়ের বয়স। তাই কোনোভাবেই যেন ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে না হয়, এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। কোথাও কোথাও মেয়েদের বিয়ের বয়স ১৬ করার বিষয়ে আলোচনা হয়েছে। এটা হলে আমাদের অর্জনের পথে একটা বিপর্যয় নেমে আসবে।
মুনতাকা নুসরাত: গার্লস সামিটে উপস্থিত থাকার সুেযাগ হয়েছিল। ১৮ বছরের আগে একজন নারী অনেক কিছু বুঝে উঠতে পারেন না। কোনোভাবেই যেন ১৮ বছরের নিচে বিয়ের বয়স করা না হয়। নারীর সংসার, শারীরিক প্রক্রিয়া—এসব বিষয় কেবল সন্তানদের শেখালে হবে না। সন্তানের মা-বাবাকে, বিশেষ করে মাকে, অবশ্যই শেখাতে হবে। মা যদি সবকিছু ভালোভাবে শিখতে পারেন, তাহলে তিনি তঁার সন্তানদের শেখাতে পারবেন। একজন মেয়ে যখন সহিংসতার শিকার হয়, তখন সে প্রথম মায়ের কাছে আসে। মাকে সন্তানের জন্য সবচেয়ে বেশি করতে হয়। তাই মাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রজননশিক্ষা, স্বাস্থ্য অধিকারসহ সব রকমের শিক্ষা দিতে হবে।
ইলিয়াস কাঞ্চন: নারীদের জন্য একটি অজামিনযোগ্য আইন করা হয়েছে। এখানে ১৪ বছরের সাজার বিধান রয়েছে। এ আইনের অপব্যবহার হচ্ছে। বাংলাদেশ একটি নারীবান্ধব দেশ। ধর্মীয় ব্যাপারে অনেক জানা–বোঝা ও গবেষণার বিষয় রয়েছে। অনেকে কম জেনে নিজের মতো করে বলেন। ফলে জটিলতা তৈরি হয়। পার্শ্ববর্তী দেশে নারীর প্রতি সহিংসতা বেশি, কারণ, তাঁদের গণমাধ্যমে যৌনতা বেশি দেখানো হয়। আমাদের দেশের গণমাধ্যম–সংশ্লিষ্ট ব্যক্তিরা ঠিক করবেন, তঁারা নারীদের ব্যাপারে কী মান বজায় রাখবেন। নারীরা কাজে নিষ্ঠাবান ও ধৈর্যশীল হন। দেশে প্রচুর সড়ক দুর্ঘটনা ঘটে। নারীরা যদি ড্রাইভিং পেশায় আসেন, তাহলে সড়ক দুর্ঘটনা অনেক কমে যাবে বলে মনে করি। এ ক্ষেত্রে আপনারা সবাই তাঁদের এ পেশায় আসার জন্য উদ্বুদ্ধ করবেন।
শাহনাজ মুন্নী: বেইজিং নারী সম্মেলনে ১২টি কর্মপরিকল্পনা ছিল। এর ১০ নম্বর পরিকল্পনা ছিল গণমাধ্যম নিয়ে। এখানে বলা হয়েছিল, গণমাধ্যমে নারীকে অসনাতনীভাবে উপস্থাপন করা যাবে না। নারীকে সব ক্ষেত্রে আরও সুযোগ দিতে হবে। নারীর অংশগ্রহণে সমতা আনতে হবে। গত ২০ বছরে গণমাধ্যমে নারীর অংশগ্রহণ অনেক বেড়েছে। তবে অংশগ্রহণে সমতা আসেনি। কিন্তু নারীর অসনাতনী প্রচার বন্ধ হয়েছে কি না, সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। সহিংসতা ও নির্যাতনের ক্ষেত্রে নারীকে গণমাধ্যমে এমনভাবে উপস্থাপন করা হয়, যা তার দুর্বলতা ও অসহায়ত্বকে প্রকাশ করে।
গণমাধ্যমে খুব কম জায়গা নারীর জন্য বরাদ্দ থাকে। টেলিভিশন, নাটক, সিনেমাসহ বিভিন্ন গণমাধ্যমে নারীর চরিত্র থাকে অসহায় ও পরনির্ভর। গণমাধ্যম–মালিকেরা নারীদের জন্য রান্না, সেলাই, গৃহসজ্জা, বিউটি পারলার ইত্যাদি কাজকে প্রাধান্য দেন। এগুলো খুবই সনাতনী ধারণা। এটা নারীর মর্যাদা ও যোগ্যতাকে ছোট করে। আমাদের দৃষ্টিভঙ্গির যে পরিবর্তন হয়নি, আমাদের চারপাশেই তার প্রমাণ দেখে থাকি। নারীর মর্যাদা–সম্মান বৃদ্ধির প্রক্রিয়া চলমান। বিভিন্ন আন্দোলন, সংগ্রাম ও এ ধরনের অনুষ্ঠান বেশি করে হলে নিশ্চয়ই একদিন নারী সবকিছুকে চ্যালেঞ্জ করবেন।
আবুল হোসেন: ২০ বছরের দৃশ্যমান অগ্রগতিগুলো আলোচনা-পর্যালোচনা করে জাতিসংঘে জমা দিয়েছি। ব্যাংককে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৩৭টি দেশের সম্মেলন হয়। সেখানে আমাদের ইস্যুগুলো পর্যালোচনা করা হয়। এটা আমরা জাতিসংঘে জমা দিয়েছি। এর অনেকগুলোই জাতিসংঘের কাছে গুরুত্ব পাবে বলে মনে করি। নারীরা নিরাপত্তা বোধ করলেই ঘর থেকে বেরিয়ে আসবেন। এই জায়গাটায় আমাদের কাজ করতে হবে। আমাদের সরকার মেয়েদের সব জায়গায় কাজ করার সুযোগ করে দিয়েছে।
২০ বছর আগে কেউ কাউকে মারলে সে মনেই করত না এটা নির্যাতন। এখন বুঝতে পারে সে নির্যাতন করছে। এটাই অগ্রগতি। এর পেছনে সরকার, এনজিও, নারী সংগঠন, নাগরিক সমাজ—সবার ভূমিকা রয়েছে। ২০১১ সালে বিবিএস (বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিসটিকস) চারটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। যেমন: দৈহিক, যৌন, মানসিক ও অর্থনৈতিক নির্যাতন। অর্থনৈতিক ও মানসিকভােব যে নির্যাতন হতে পারে, এটা আগে মানুষ বুঝতই না। বিবিএস এখন পাঁচ বছর পর পর এ ধরনের জরিপ করবে। নারীর প্রতি সহিংসতা রোধে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, আইন ও বিচার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করতে হবে। যার যেখানে দায়িত্ব সে সেখানে কাজ করলে অদূর ভবিষ্যতে আমরা একটি সহিংসতামুক্ত বাংলাদেশ পাব।
রখফার সুলতানা খানম: নারীর প্রতি সহিংসতা রোধে দুভাবে কাজ করা যায়। যেমন প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে। আগে পুলিশে নারীর সংখ্যা কম ছিল। এখন এ সংখ্যা সাত হাজার। আমরা এখন আন্তর্জাতিক নারী পুলিশের সদস্য। নারীরা এখন শুধু ডেস্কে কাজ করেন না। তাঁরা ডেস্কের বাইরেও সফলতার সঙ্গে কাজ করছেন। দুজন নারী পুলিশ সদস্য দুটি জেলার দায়িত্বে আছেন। একজন নারী ইউএনএ খুব ভালো অবস্থায় আছেন। আমি নারী হিসেবে প্রথম হাইতিতে গিয়েছি। আমাদের যোগ্যতা অনুসারে পদোন্নতি হচ্ছে। এখন পুলিশে নারী সদস্যদের মধ্যে রয়েছেন অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অ্যাডিশনাল কমিশনারসহ অনেক গুরুত্বপূর্ণ পদেও আছেন নারী। আজ আর আমাদের পেছনে ফেরার সময় নেই। আমরা এগিয়ে যাচ্ছি। আমরা নারীদের টয়লেট ও তঁাদের সন্তানদের দেখাশোনার জন্য চাইল্ড কেয়ারের জন্য কাজ করেছি। আমাদের কাজ করতে কোনো সমস্যা হয় না। সব জায়গা থেকে অভূতপূর্ব সাড়া পাই। বর্তমান সরকার নারীবান্ধব। এ জন্য নারীরা সব ক্ষেত্রে সফলতার সঙ্গে কাজ করছেন। ভবিষ্যতে নারীরা সব ধরনের চ্যালেঞ্জিং কাজে আসবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।
শামসুল আলম: ২০০৯-১০ সালের ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেছিেলন ওই সময়ের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বর্তমান িস্পকার শিরীন শারমিন চৌধুরী। সপ্তম পঞ্চবার্ষিক শুরু হবে আগামী জুলাই থেকে। এখন লেখালেখির কাজ চলছে। পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার জন্য আজকের আলোচনা থেকে অনেক তথ্য পাব। আপনারা জানেন, পঞ্চবার্ষিক পরিকল্পনা দেশের উন্নয়নের প্রতীক। বাজেটসহ সব ধরনের পরিকল্পনা হয় এর ভিত্তিতে। আমরা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও একজন বিশেষজ্ঞের সুপারিশ নিয়েছি। আপনাদের কোনো সুপারিশ থাকলে সেটা গ্রহণ করব। ৩৯০ বছরের পুরোনো গণতন্ত্র ব্রিটেনে। সেখানে মার্গারেট থ্যাচারই একবার মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন। আমেরিকায় আজও কোনো নারী রাষ্ট্রপতি হননি। আমাদের বাংলাদেশে ২৫ বছর ধরে মহিলা প্রধানমন্ত্রী। এটা পর্বতশৃঙ্গের মতো অর্জন। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় সবচেয়ে বেশি বরাদ্দ দিতে বলেছিলাম স্বাস্থ্য ও শিক্ষা খাতে। কিন্তু বাস্তবতার জন্য বিদ্যুৎ খাতে দেওয়া হয়েছে। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায়ও শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বেশি চাইব। কারণ, এর সঙ্গে নারীর ক্ষমতায়ন জড়িত। ২০১১ সালে নারীদের জন্য জাতীয় নীতি প্রণয়ন করেছি। নারীদের বিষয়ে খুব সচেতন আছি। নারীদের সব বিষয় সামনে আনার চেষ্টা করব।
শামিনা শারমীন: বাংলাদেশে যৌন হয়রানি, বিশেষ করে ধর্ষণের শিকার নারীরা ফরেনসিক তদন্ত ও চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে আসেন। কিন্তু স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সেবা ও পরামর্শ প্রদানের ব্যবস্থা নেই। আবার আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ের অভাব লক্ষ করা যায়। একজন নির্যাতিত নারী আইনের আশ্রয় নিতে বাধ্য হন। কিশোর–কিশোরীদের জন্য সরকার যৌন ও প্রজননস্বাস্থে্যর নীতিমালা করেছে। কিন্তু এর বাস্তবায়নের কোনো উদ্যোগ নেই। স্বাস্থ্যকেন্দ্রগুলো কিশোর–কিশোরীবান্ধব করতে হবে। স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নারীদের প্রয়োজনীয় তথ্য, পরামর্শ ও চিকিৎসার ব্যবস্থা থাকতে হবে। যদি সঠিক সময়ে সঠিক তথ্য ও নির্দেশনা পান তাহলে নারীরা সুস্থ ও পরিকল্পিত জীবন গঠন করতে পারবেন।
শামিমা পারভিন: নারীর যত সফলতা তা নিজেকে অর্জন করতে হয়েছে। নারীর এগিয়ে যাওয়ার জন্য সহায়ক পরিবেশ তৈরির চেষ্টা অব্যাহত রয়েছে। দেশের সরকার, এনজিও, জাতিসংঘসহ বিভিন্ন সংস্থার অবদান অনস্বীকার্য। নারীর প্রতি সহিংসতা আমাদের সব উন্নয়নের পথে বাধার কারণ যেন না হয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। বেইজিং ও কায়রো ঘোষণাপত্রের ২০ বছর এবং এমডিজির ১৫ বছর পার করেও নারীর প্রতি সহিংসতার ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য সফলতা দেখতে পাই না। এই না পারার অন্যতম কারণ হলো পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা। দেশে ভালো নীতিমালা, কর্মকৌশলের অভাব নেই। সমস্যা কেবল এসবের বাস্তবায়ন। যেমন এ দেশের বেশির ভাগ মন্ত্রণালয় জেন্ডার সংবেদনশীল বাজেট করছে। কিন্তু সেই টাকা সংশ্লিষ্ট ব্যক্তিরা পাচ্ছেন কি না, এর কোনো তদন্ত নেই। এখন এমডিজি, বেইজিং ও আইসিপিপির যে অসম্পূর্ণ কাজগুলো রয়ে গেছে, সেগুলোকে আগামীর উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্থাৎ সরকারের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনাতে অবশ্যই যুক্ত করা জরুরি।
সালমা খান: গত ২০ বছরে নারীর মানবিক উন্নয়ন হয়েছে। এই মানবিক উন্নয়নকে কীভাবে নারীর ক্ষমতায়নে রূপান্তর করা যায়, সেটাই আজকের আলোচনার মূলকথা হওয়া উচিত। দেশে আট কোটি নারী। এদের মধ্যে কয়েকজন ক্ষমতাধর নারীর উদাহরণ দেওয়া হয়। এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন হয়েছে, সেটি বোঝায় না। দীর্ঘ সংগ্রামের ফলে হাজার হাজার বা লাখ লাখ নারী তাঁদের সক্ষমতা অর্জন করেছেন। কিন্তু বাংলাদেশে নারীর ক্ষমতায়ন হয়নি। নারী যদি আত্মনিয়ন্ত্রণ ও সম–অধিকারের ন্যায্যতা প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে বলা যাবে নারীর ক্ষমতায়ন হয়েছে। অমর্ত্য সেন বলেছেন যে বাংলাদেশে নারীরা মানবিক উন্নয়নে বিস্ময়কর সফলতা অর্জন করেছেন। তিনি ক্ষমতায়নের কথা বলেননি। কিন্তু এই মানবিক উন্নয়নের জন্য দীর্ঘদিনের নারী আন্দোলন ও নারী সংগঠনগুলোর ভূমিকা; এনজিও, নাগরিক সমাজের অবদান ও সরকারের ইতিবাচক সিদ্ধান্ত রয়েেছ। ইউরোপের প্রজনন হার কমাতে লেগেছে ২০০ বছর। বাংলাদেশের লেগেছে মাত্র ৩০ বছর। এভাবে আমরা এগিয়ে যাচ্ছি।
সেলিনা হায়াৎ আইভী: সহশিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বালিকা বিদ্যালয়ের মাধ্যমে জীবনের শুরুতেই বুঝিয়ে দেওয়া হচ্ছে তুমি মেয়ে, তোমাকে আলাদা স্কুলে পড়তে হবে। কারও হাত ধরে স্কুলে যেতে হবে। প্রথমে বাবার বাড়িতে, পরে স্বামীর বাড়িতে, শেষে সন্তানের ওপর নির্ভরশীল হয়ে জীবনের বাকি দিনগুলো কাটাতে হবে—একজন নারীর জীবনের নিয়তি এমন হতে পারে না।
পুষ্টিতে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। পুষ্টির অভাবে নারী খর্বাকৃতির হচ্ছে। অপরিণত সন্তান হচ্ছে। মা ও সন্তান দীর্ঘ মেয়াদে অসুস্থ থাকছে। আমাদের সময় প্রতিটি স্কুলে শরীরচর্চা বাধ্যতামূলক ছিল। এখন শহরের প্রায় কোনো স্কুলেই শরীরচর্চা হয় না। যেখানে–সেখানে ব্যবসায়িক চিন্তা থেকে স্কুল গড়ে উঠছে। হাসপাতালের ক্ষেত্রেও একই অবস্থা। অনেক হাসপাতালের সনদ নেই, মানসম্পন্ন ডাক্তার নেই, সুযোগ-সুবিধা নেই অথচ তারা মানুষের সেবা দিচ্ছে। এসব ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নিতে হবে। ১৯৯৭ সালে আজকের প্রধানমন্ত্রী নারী নীতি করেছেন। যে মানুষের জন্য কাজ করে মানুষ তার কাছেই ছুটে যায়। তাই এই সরকারের কাছে মানুষের দাবি ও প্রত্যাশা অনেক বেশি।
রাজনৈতিক ক্ষেত্রে নারীকে সুযোগ করে দিতে হবে। প্রভাবশালীরা যাতে অপরাধ করে পার না পান, সেটি নিশ্চিত করতে হবে। আমরা ধর্ষকের শাস্তি চাই। বিশ, পঞ্চাশ বা লাখ টাকায় নারীর ইজ্জত বিক্রি করতে চাই না।
মোহাম্মদ নাসিম: দেশে অনেক টেলিভিশন চ্যানেল আছে। আমি মনে করি, সম্পূর্ণ নারীদের দ্বারা পরিচালিত একটি চ্যানেল হোক। কোনো পুরুষ কর্মী থাকবে না। সবকিছু পরিচালিত হবে নারীদের দ্বারা। নারী সংগঠনগুলো যদি এমন করতে চায়, তাহলে তাদের জন্য সুপারিশ করব। রাতারাতি কিছু হবে না।
আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। মেয়েরা যে পারে, সেটা প্রমাণ করেছে। তারা গাড়ি চালাচ্ছে। বিমান চালাচ্ছে। কোথায় নেই মেয়েরা? একসময় মেয়েরা ধর্ম যাওয়ার ভয়ে ঘর থেকে বের হতো না। এ ভুল ধারণা এখন তাদের নেই। মতিউর রহমানের মতো আমিও আশা করি, একসময় নারীকে প্রধান বিচারপতি হিসেবে দেখব।ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় নারীরা রয়েছেন।
আজকের এ অনুষ্ঠানে আপনারা দেখছেন নারায়ণগঞ্জের নারী মেয়রকে। কেউ দয়া করে তাঁদের এসব জায়গায় আনেনি। নিজেদের যোগ্যতায় এসেছেন। আগে নারী সচিব হতে পারেননি। তাঁদের পরিকল্পিতভাবে এখানে আসতে দেওয়া হয়নি। এখন রাষ্ট্র এই সুযোগ করে দিচ্ছে। প্রধানমন্ত্রী নারীদের জন্য যা করা দরকার, তার সবই করছেন। নারীরা ভবিষ্যতে আরও সামনে আসবেন।
আব্দুল কাইয়ুম: নারীর উন্নয়নের ফলে বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্র এগিয়েছে। নারী শিক্ষিত হলে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিকসহ বিভিন্ন ক্ষেত্রে তঁার অংশগ্রহণ বাড়বে। এ ক্ষেত্রে রাষ্ট্রকে নারীদের জন্য পরিবেশ ও সুযোগ সৃষ্টি করে দিতে হবে। প্রকৃতপক্ষে সবাই বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাববেন বলে আশা করি। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
যাঁরা অংশ নিলেন
মোহাম্মদ নাসিম : মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং সাংসদ, বাংলাদেশ জাতীয় সংসদ
সেলিনা হায়াৎ আইভী : মেয়র, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন
সালমা খান : চেয়ারপারসন, এনজিও কোয়ালিশন ফর বেইজিং প্ল্যাটফর্ম ফর অ্যাকশন ও সাবেক চেয়ারপারসন, সিডও
এম শাহ্ আলম : সদস্য, আইন কমিশন
শামসুল আলম : সদস্য, পরিকল্পনা কমিশন
আবুল হোসেন : প্রকল্প পরিচালক, মাল্টিসেক্টরাল প্রোগ্রাম
আয়শা খানম : সভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদ
রখফার সুলতানা খানম : এআইজি, বাংলাদেশ পুলিশ
মাহীন সুলতান : ডেপুুটি কো–অর্ডিনেটর, সেন্টার ফর জেন্ডার অ্যান্ড সোশ্যাল ট্রান্সফরমেশন অ্যান্ড লিড রিসার্চার
শীপা হাফিজা : পরিচালক, জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি অ্যান্ড মাইগ্রেশন কর্মসূচি, ব্র্যাক
ইলিয়াস কাঞ্চন : চিত্রনায়ক
শাহনাজ মুন্নী : বার্তা সম্পাদক, এটিএন বাংলা
শামিমা পারভিন : সিনিয়র প্রোগ্রাম অফিসার, ইউএনএফপিএ, বাংলাদেশ
শামিনা শারমীন : মাতৃস্বাস্থ্য বিশেষজ্ঞ, ইউএনএফপিএ, বাংলাদেশ
মুনতাকা নুসরাত : সদস্য, ইউএনওয়াইএপি
নেওয়াজ শরীফ : সদস্য, ইউএনওয়াইএপি
সূচনা বক্তব্য
মতিউর রহমান : সম্পাদক, প্রথম আলো
সঞ্চালক
আব্দুল কাইয়ুম : সহযোগী সম্পাদক, প্রথম আলো