নারীর ক্ষমতায়নে দরকার রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন
এক মতবিনিময় সভায় নারী অধিকার আন্দোলনের নেতা আয়শা খানম বলেছেন, ‘নারীর প্রতি শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা নির্যাতন, অবহেলা, বঞ্চনার রেশ আমাদের রাজনীতিতে আছে। রাজনৈতিকভাবে নারীর ক্ষমতায়নের জন্য তাই গোটা রাজনৈতিক সংস্কৃতিরই পরিবর্তন দরকার।’
আজ রোববার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্থানীয় সরকারের পৌরসভার নারী মেয়র এবং উপজেলা নারী ভাইস চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি আরও বলেন, তৃণমূল পর্যায়ে স্থানীয় সরকার প্রশাসনে নারীর অংশগ্রহণের জন্য আইন করা হয়েছে। কিন্তু নারীর ক্ষমতায়ন শুধু কাগজে আছে। বাস্তবে নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক সমকাল পত্রিকার উপসম্পাদক অজয় দাশগুপ্ত বলেন, প্রশাসনে যেখানে নারী দায়িত্বশীল পদে থাকে, সেখানে দুর্নীতি কম হয়। কিন্তু উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানরা নারী ভাইস চেয়ারম্যানদের ‘উপদ্রব’ মনে করে। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে নারীর অধিকার রক্ষায় এগিয়ে আসতে হবে।
বিভিন্ন উপজেলা আসা নারী ভাইস চেয়ারম্যানরা অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় অংশ নেন। তাঁদের সমস্যাগুলোর কথা তুলে ধরেন। পৌরসভার নারী মেয়র হিসেবে সভায় অংশ নেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানু। সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্য পড়ে শোনান সহসভাপতি রেখা চৌধুরী।