নারীর ক্ষমতায়নে প্রয়োজন পুরুষের মানসিকতা পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরিদ্র পরিবারের সন্তান ছিলেন রাফিজা বেগম। মাত্র ১৪ বছর বয়সে পরিবারের চাপে বসেন বিয়ের পিঁড়িতে। আড়াই বছরের মাথায় ভেঙে যায় সে বন্ধন। সমাজের সব বাধা পেরিয়ে রাফিজা এখন একজন জনপ্রিয় ইউনিয়ন পরিষদ সদস্য। এ পদে তিনি নির্বাচিত হয়েছেন টানা তিনবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গতকাল সোমবার ‘নারী ও নিরাপত্তা: ৪০ বছরের তৃণমূল অভিজ্ঞতা’ শীর্ষক কর্মশালায় মুন্সিগঞ্জের রাফিজা বেগম তাঁর জীবনসংগ্রামের কথা তুলে ধরেন। রাফিজা বলেন, নারীর ক্ষমতায়নের জন্য নারীকে অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে হবে। স্থানীয় সরকারকে করতে হবে নারীবান্ধব। সর্বোপরি পুরুষের মানসিকতার পরিবর্তন করতে হবে। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক কর্মশালার উদ্বোধন করেন। এরপর দিনব্যাপী তিনটি পর্বে উন্নয়নে নারীর অংশগ্রহণবিষয়ক কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। বিকেলে সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী সম্পত্তির উত্তরাধিকার নিয়ে সাম্প্রতিক বিতর্কের বিষয়ে বলেন, পৈতৃক সম্পত্তিতে নারী-পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠার জন্য আইন করা হচ্ছে না।