মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীকে ক্ষমতায়িত করতে হলে তাদের শিক্ষিত করে তুলতে হবে। তাই এ বিষয়টিতে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। গতকাল সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিরীন শারমিন চৌধুরী এ কথা বলেন। মার্কিন দাতা সংস্থা ইউএসএআইডি দুই দিনের এই মেলার আয়োজন করেছে। অনুষ্ঠানে শিরীন শারমিন বলেন, মেয়েদের স্কুলমুখী করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে ছাত্রীবৃত্তি অন্যতম। বাংলাদেশ এ ক্ষেত্রে সফলও হয়েছে। ইতিমধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মেয়েদের উপস্থিতি ৫১ শতাংশে উন্নীত হয়েছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেন, নারীকে বাদ দিয়ে কোনো দেশই অর্থনৈতিকভাবে সফল হতে পারে না। এ ছাড়া বৈষম্য দূর করা এবং নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠিত না হলে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ পৃথিবী গড়ে তোলা সম্ভব নয়। সবাইকে বিষয়টি উপলব্ধি করে কাজ করতে হবে। মরিয়ার্টি বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্যতম শর্ত নারী-পুরুষের সমতা ও নারীর ক্ষমতায়ন। জেন্ডার সমতাকে উৎসাহ দেওয়া কেবল সঠিক কাজই নয়, আধুনিক চিন্তা-চেতনারও প্রকাশ। তিনি বলেন, পরিবার ও সমাজ থেকে নারীর অধিকার শুরু হয়ে পরে তা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী ও সাংসদ তারানা হালিম বক্তব্য দেন।