নারীর ক্ষমতায়নে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, কেবল আইন করে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব নয়। নারীর স্বাধীনতা ও ক্ষমতায়নে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে।
‘কলাম লেখকেরা পারেন সমাজ রূপান্তর ঘটাতে’ শিরোনামে এই মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ। রাজধানীর তোপখানায় সংগঠনটির মিলনায়তনে গতকাল শনিবার এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় কলাম লেখক খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, মানবাধিকারের প্রশ্নে নারীরা অনেক এগিয়েছে। নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে পাকিস্তান আমলে নারীরা ব্যাংকে চাকরি করতে পারত না। এখন পারছে। নারীর প্রতি দৃষ্টিভঙ্গির আরও পরিবর্তন ঘটানো দরকার। শুধু আইন করে নারীর স্বাধীনতা ও অধিকার আদায় করা সম্ভব নয়। সমতা মানে হলো যার যেটুকু ক্ষমতা ও অধিকার তার সর্বোচ্চ বিকাশ ঘটানো।
সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নারীদের সামনে নতুন নতুন সমস্যা এসে দাঁড়িয়েছে বলে মত দেন সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, সেই সমস্যাগুলো চিহ্নিত করে নারী অধিকার আদায়ের আন্দোলন করতে হবে। নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার সময় এবং কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য আন্দোলন করতে হবে।
গণমাধ্যম বিশ্লেষক মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, গণমাধ্যমে কলাম লেখকদের মত প্রকাশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সম্পাদক ও নির্বাহী সম্পাদকের ইতিবাচক পদক্ষেপ। নারীকে বিষয় করে কলাম লেখার জন্য গণমাধ্যমের নীতিনির্ধারকদের উদ্যোগ নিতে হবে।
সভার মূল প্রবন্ধে মহিলা পরিষদের প্রচার গণমাধ্যম সম্পাদক দিল মনোয়ারা বলেন, নারীর অধিকার আদায়ের প্রশ্নে জনমত গঠনে কলাম লেখকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সমাজে নারী ও শিশু হত্যাসহ নির্যাতনের ঘটনা বেড়েছে, যা সামাজিক সুস্থতাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এই নৃশংসতা ও নির্যাতন প্রতিরোধে ঐক্য গড়ে তুলতে হবে। সে ক্ষেত্রে গণমাধ্যমের সাংবাদিক ও কলাম লেখকেরা বড় ভূমিকা রাখতে পারেন।
মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম নারী আন্দোলনের বক্তব্য গণমাধ্যমে তুলে ধরার জন্য কলাম লেখকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মমতাজ লতিফ, তুষার কণা খন্দকার, আনোয়ারা সৈয়দ হক প্রমুখ।
মতবিনিময় সভায় আরও ছিলেন মহিলা পরিষদের সহসভাপতি ফওজিয়া মোসলেম, সাধারণ সম্পাদক মালেকা বানু প্রমুখ। বিজ্ঞপ্তি