মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীর এগিয়ে যাওয়ার পথে প্রধান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে। দেশে বিভিন্ন আইন আছে, তা বাস্তবায়নেও প্রতিমন্ত্রী সবার সহযোগিতা চান।
গতকাল রোববার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয় এবং বিভিন্ন নারী ও সামাজিক সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। দেশব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের নারী দিবসের প্রতিপাদ্য ‘অধিকার মর্যাদায়, নারী-পুরুষ সমানে সমান’।
প্রতিমন্ত্রী বলেন, নারীরা বর্তমানে যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, তা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে নারীদের জন্য কোটাপ্রথার প্রয়োজন হবে না। পুরুষের জন্য কোটাপ্রথা চালু করা লাগতে পারে।
মানববন্ধনে মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম বলেন, নারী-পুরুষ সমানভাবে অর্থনৈতিক উন্নয়নে সম্পৃক্ত হলে ২০৩০ সালের আগেই দেশে নারী-পুরুষে সমতা অর্জিত হবে। মানববন্ধনে অংশ নেওয়া নারীরা বেগুনি শাড়ি পরেছিলেন।