নারীর জন্য চাই সহায়ক পরিবেশ

মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেছেন, আজকের নারীরা নিজের মেধা, দক্ষতা, মনন দিয়ে সমস্ত বাধা-বিপত্তি এড়িয়ে বিভিন্ন পেশায় এসেছে। নারীরা সময়ের বাস্তবতার চ্যালেঞ্জ মোকাবিলা করছে। সামরিক বাহিনীতে, পর্বতারোহণে, প্রশাসনসহ ঝুঁকিপূর্ণ বিভিন্ন পেশায় প্রতিনিধিত্ব করছে। তাই জনজীবনে নারীর জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে পরিবার-সমাজ-প্রতিষ্ঠান ও রাষ্ট্রের কার্যকর ভূমিকা রাখতে হবে। প্রয়োজনীয় অবকাঠামো, নীতিমালা ও সহায়ক পরিবেশ সৃষ্টি করতে হবে।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজ শনিবার বিকেল চারটায় ‘একবিংশ শতাব্দীর পেশাজীবী নারীর চ্যালেঞ্জ: রাষ্ট্র ও সমাজের করণীয়’ শীর্ষক পেশাজীবী নারী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত মাসব্যাপী সাংগঠনিক মাস পালনের কর্মসূচি পালিত হচ্ছে। এবারের সাংগঠনিক মাসের মূল প্রতিপাদ্য হচ্ছে সংগঠনের কার্যক্রমে পেশাজীবী নারীদের সম্পৃক্তকরণ।
পেশাজীবী নারী প্রতিনিধির পক্ষ থেকে সমাবেশে বক্তব্য দেন চিকিৎসক মেখলা সরকার, আইনজীবী নাসিমা আক্তার, স্থপতি নবনীতা ইসলাম, শিক্ষক উম্মে কুলসুম, ব্যাংকার কবিতা দাশ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম।
সমাবেশে স্বাগত বক্তব্যে মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, সামাজিক অর্থনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে নারীর মানবাধিকার সংরক্ষণ আজ নানাভাবে চ্যালেঞ্জের সম্মুখীন। এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্যই নারী আন্দোলন। ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।
পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডে আগের তুলনায় নারীদের অংশগ্রহণ অনেক বেড়েছে। তবে পেশাজীবী নারীদের মধ্যে যেখানে চতুর্থ শ্রেণিতে শতকরা হার ১৫, সেখানে প্রথম শ্রেণিতে এ হার ৫।
সমাবেশে আলোচকেরা পেশাজীবী ও কর্মজীবী নারীর জন্য অবকাঠামোগতভাবে শিশু দিবাযত্ন কেন্দ্র তৈরি, শৌচাগার সুবিধা নিশ্চিত করা, যাতায়াতের সুব্যবস্থা করার পাশাপাশি সমাজের সার্বিক দৃষ্টিভঙ্গি পাল্টানোর সুপারিশ করেন।