নারীর জন্য নিরাপদ নগর গড়তে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর জন্য নিরাপদ নগর গড়ে তুলতে হবে। এ জন্য সবাইকে সচেতন হতে হবে। সরকারকে পালন করতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বেসরকারি সংস্থা পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) শী-ক্যান প্রকল্প ও প্রথম আলো বন্ধুসভার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘নিরাপদ নগরী, নিরাপদ নারী’।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা চিরতরে দূর করতে হলে শিক্ষাব্যবস্থার প্রাথমিক স্তর থেকেই বিশেষ ব্যবস্থা নিতে হবে। আর এ জন্য রাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে। কোনো কারণে সহিংসতা ঘটে গেলে অবশ্যই সুবিচার নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, নারীর ক্ষমতায়নের জন্য অবশ্যই নারী-পুরুষের সমতা দরকার। এ জন্য পরিবার ও সমাজ সব ক্ষেত্রেই নারীর সমান সুযোগ নিশ্চিত ও নারীবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে। এখন অনেক নারী উচ্চ পদে কর্মরত আছেন, কিন্তু তাঁরা সিদ্ধান্ত নিতে পারছেন না। নারীকে অবশ্যই সিদ্ধান্ত গ্রহণের অধিকার পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন পিএসটিসির চট্টগ্রাম বিভাগের প্রচারণা কর্মকর্তা পীযূষ দাশ গুপ্ত। প্রথম আলো বন্ধুসভার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সুমন গাঙ্গুলির সভাপতিত্বে ও বন্ধুসভার সহসভাপতি রাজীব কুমার বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের অধ্যাপক দানেশ মিয়া, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রহমান নাসির উদ্দিন, সমাজতত্ত্ব বিভাগের প্রভাষক আসমা আক্তার আঁখি।
আলোচনা সভার আগে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় সচেতনতামূলক প্রচারণা অভিযান চালান বন্ধুসভার সদস্যরা। পরে সেখান থেকে শোভাযাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। আলোচনা সভার পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি, নৃত্য ও কৌতুক পরিবেশন করা হয়। কৌতুক পরিবেশন করেন বন্ধুসভার সদস্য মো. কায়কোবাদ।