নারীর জন্য নিরাপদ নগর বিষয়ে প্রদর্শনী
নারীর জন্য নিরাপদ নগর নিশ্চিত করার বিষয়ে সচেতন মানুষের ভাবনার খোরাক জোগাতে চট্টগ্রামে হয়ে গেল স্থাপনা শিল্প (ইনস্টলেশন) প্রদর্শনী। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘নারীর জন্য নিরাপদ শহর তৈরিতে নাগরিক উপলব্ধি’ শীর্ষক দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী হোসাইন মাহমুদ, জুবিলী দেওয়ান ও সুচয়ন পাল স্থাপনাগুলো তৈরি করেছেন। এগুলোর মাধ্যমে দেখানো হয়েছে নারী কোথায়, কীভাবে পুরুষদের দ্বারা অহরহ উত্ত্যক্ত হচ্ছে। সাউন্ড ইফেক্ট, চিত্র, স্লাইড শো, ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে উত্ত্যক্তের শিকার নারীদের অসহায় অভিব্যক্তিগুলোও।
স্থাপনা শিল্পের প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র হাসান মুহাম্মদ হাসনী। অ্যাকশন এইডের সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস (বিটা)।