
সমাজ পরিবর্তনের প্রতিনিধি হিসেবে নারী ও বালিকাদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি এবং তাদের ক্ষমতায়নে একসঙ্গে কাজ করার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার ন্যাশনাল আর্ট গ্যালারিতে গ্লোবাল উইমেন লিডার্স ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল বুধবার প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সম্মিলিত জাতীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘আসুন, নারীর জন্য একটি সুষ্ঠু বিশ্ব গড়ে তুলতে আমরা নতুন করে অঙ্গীকার করি, যেখানে আমরা মর্যাদার সঙ্গে এবং সকল প্রকার ভয়ভীতি থেকে মুক্ত হয়ে বসবাস করতে পারি।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বুলগেরিয়ার প্রেসিডেন্ট রোজেন প্লেভনেলিয়েভ, উপপ্রধানমন্ত্রী এবং শ্রম ও সামাজিক নীতিবিষয়ক মন্ত্রী ইভায়লো কালফিন, জ্বালানিমন্ত্রী তামেনুজকা পাতকোভা, আঞ্চলিক উন্নয়ন ও গণপূর্তমন্ত্রী লিলিয়ানা পাভলোভা, ইউনেসকোর মহাপরিচালক ইরিনা বোকোভা, বুলগেরিয়া জাতীয় পরিষদের চেয়ারম্যান তাস্তাসকা তাচেভা এবং সিমেন্স বুলগেরিয়ার প্রধান নির্বাহী (সিইও) এবং সে দেশের কাউন্সিল অব উইমেন ইন বিজনেসের চেয়ারপারসন বুরিয়ানা মানোলোভা।
শেখ হাসিনা বলেন, তিনি নারী-পুরুষের ভেদাভেদ ভেঙে লিঙ্গসমতা বিধানে বদ্ধপরিকর। তাঁর সরকার নারী উন্নয়নে উচ্চাভিলাষী নারী উন্নয়ন নীতিমালা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে, যেখানে নারী ও পুরুষের সমান সুযোগ সৃষ্টির নিশ্চয়তা বিধান করা হয়েছে। এই নীতিমালায় নারীর শিক্ষা এবং অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি তাদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার প্রতি সর্বাধিক গুরুত্বারোপ করা হয়েছে।
নারীর রাজনৈতিক ক্ষমতায়নেও বাংলাদেশ ব্যাপক অগ্রগতি অর্জন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশই বিশ্বে সম্ভবত একমাত্র দেশ, যেখানে সংসদ নেত্রী এবং প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের উপনেতা, বিরোধীদলীয় নেতা এবং জাতীয় সংসদের স্পিকার নারী।’
উষ্ণ সংবর্ধনা: এর আগে তিন দিনের সরকারি সফরে গতকাল লন্ডন থেকে স্থানীয় সময় দুপুরে সোফিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বুলগেরিয়ার সংস্কৃতিমন্ত্রী ভেজদি রাশিদভ, উইমেন কাউন্সিলের নির্বাহী পরিচালক ভেনিয়া কানেভা এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আল্লামা সিদ্দিকী। প্রধানমন্ত্রীকে এ সময় গার্ড অব অনার দেওয়া হয়।
শেখ হাসিনার পরে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসভের সঙ্গে বৈঠক করার কথা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র থেকে জানা যায়, শুক্রবার দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের পর কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে।
প্রধানমন্ত্রী ইউনেসকোর মহাপরিচালক ইরিনা বোকোভা এবং সিমেন্স বুলগেরিয়ার সিইও এবং বুলগেরিয়ান কাউন্সিল অব উইমেন ইন বিজনেসের চেয়ারপারসন বরিয়ানা মানোলোভার আয়োজনে এক নৈশভোজে যোগ দেবেন।
বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতিদানকারী চতুর্থ দেশ বুলগেরিয়া। স্বাধীনতার পর বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকারপ্রধানের এটাই প্রথম বুলগেরিয়া সফর। শনিবার সকালে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।