নারীর জন্য রাজপথে নারীদের দৌড়
হাতিরঝিলের এফডিসি মোড় প্রান্ত থেকে শুরু হয় দৌড়। আশপাশের আরও কিছু রাস্তা ছুঁয়ে বিস্তীর্ণ ঝিল পুরো এক চক্কর দিলেন দৌড়বিদেরা। সাতসকালে ১০ কিলোমিটারের এই দীর্ঘ ম্যারাথনে যাঁরা অংশ নিলেন, তাঁরা সবাই নারী।
‘নারীর জন্য নিরাপদ ঢাকা’ স্লোগানে গতকাল শুক্রবার ম্যারাথন আয়োজন করে যৌথভাবে এভারেস্ট একাডেমি এবং ইমাগো স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড।
ভোর থেকেই হাতিরঝিলে আসতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশা-বয়সের নারীরা। নিবন্ধন করে তাঁরা দৌড়ানোর জন্য তৈরি হতে থাকেন। ৮টা ২৬ মিনিটে দৌড় শুরু হয়। প্রায় ৫০০ নারী এই দৌড়ে অংশ নেন।
প্রতিযোগিতা উদ্বোধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, মেয়েরা ছেলেদের তুলনায় হয়তো এখনো বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে আছে, তবে এগিয়ে এসেছেও অনেকটা। প্রতিবছর একাধিকবার এ ধরনের আয়োজন করার আহ্বান জানান তিনি।
৯০ মিনিটের এই দৌড়ে প্রথম হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর খেলোয়াড় মিরোনা। তিনি সময় নিয়েছেন ৫২ মিনিট ১৮ সেকেন্ড। মিরোনা প্রথম আলোকে বলেন, ‘দৌড়ের যখন শেষ মুহূর্তটা আসে, মনে হয় আমি শান্তি পেতে যাচ্ছি। প্রতিটি দৌড় মানেই তো কষ্টের ও খাটুনির। শেষ করার পর কোনো কষ্ট লাগে না।’
দ্বিতীয় হয়েছেন চট্টগ্রাম গ্রামার স্কুলের শিক্ষক মৌসুমী আক্তার। ৪৮ বছর বয়সী ক্রিস্টিয়ান লাকি তৃতীয় হয়েছেন। মৌসুমী আক্তার প্রথম আলোকে বলেন, এবারই প্রথম এ ধরনের দৌড়ে অংশ নেওয়া। মেয়েরা চাইলে সবকিছুই করতে পারে।
যুক্তরাষ্ট্রের নাগরিক ক্রিস্টিয়ান লাকি বলেন, ‘এই দিনটি বাংলাদেশের জন্য বিরাট দিন। মেয়েরা অনেক কিছু করতে পারে না—এই ধারণাকে ভুল প্রমাণিত করেছে আজকের আয়োজন। আমি দৌড়াচ্ছিলাম আর ভাবছিলাম, আমাকে শেষ করতেই হবে।’
১ ঘণ্টা ৬ মিনিটে দৌড় শেষ করে দৌড়ে চতুর্থ হয়েছেন ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক করা লুবিয়ানা আহমেদ। উত্তরানিবাসী লুবিয়ানা প্রথম আলোকে বলেন, ‘সকালে জগিং করতে বের হলে অনেকে বাজে মন্তব্য করেন। তাই দৌড়ানোর উৎসাহ হারিয়ে ফেলি। ঢাকার রাস্তায় নিরাপদে দৌড়াতে চাই।’
দৌড় শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, মেয়েরা যেভাবে এগিয়ে আসছে প্রতিটি ক্ষেত্রে, তা প্রশংসনীয়। কিন্তু খেলাধুলার ক্ষেত্রে এখনো মেয়েরা অনেকটা পিছিয়ে। এই আয়োজন প্রতীকী অর্থে হলেও এর অনেক তাৎপর্য আছে।
এক প্রশ্নে তথ্যমন্ত্রী গণমাধ্যমকর্মীদের বলেন, উন্নত দেশেও রাস্তাঘাটে মেয়েরা যেভাবে নির্যাতন-নিপীড়নের শিকার হন, তার তুলনায় ঢাকা শহর এখন অনেক নিরাপদ। হয়তো বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে। মেয়েদের নিজস্ব আত্মরক্ষায় আরও সচেতন হতে হবে।
অনুষ্ঠানে দৌড় শেষ করা প্রথম পাঁচজনকে পদক, সনদ এবং এক লাখ টাকা পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া প্রথম ৫০ জনকে দেওয়া হয় সনদ। নারীদের অংশগ্রহণে এই ম্যারাথনের এটি দ্বিতীয় আসর। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই প্রতিযোগিতা হয়।