নারীর জীবনে করোনার ক্ষত গভীরতর
মহামারিকালে নারীর প্রতি সহিংসতা বেড়েছে। নারী কাজ হারিয়েছেন, সেবা কম পেয়েছেন। মহামারি বিষয়ে সরকারের সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ কম।
দেশের নারীরা পুরুষের তুলনায় করোনাভাইরাসের সংক্রমণ ও মহামারির তথ্য কম পেয়েছেন। মহামারিকালে নারীদের ওপর সহিংসতা ও নির্যাতন বেড়েছে। মহামারির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকারি কমিটিতে নারীর অংশগ্রহণের সুযোগ কম দেখা গেছে।
জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), জাতিসংঘের অধিভুক্ত সংস্থা ইউএন উইমেন এবং প্রভাবশালী জনস্বাস্থ্য ও চিকিৎসা সাময়িকী ব্রিটিশ মেডিকেল জার্নাল–এর গবেষণা ও প্রবন্ধে এ কথা বলা হয়েছে। যেকোনো দুর্যোগে নারী ও মেয়েদের ওপর সহিংসতা-নির্যাতন বেড়ে যায়, চলমান মহামারিতেও সেটাই হয়েছে। তবে মহামারি মোকাবিলায় যেসব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, তাতে নারীর ব্যাপারে বিশেষ বা পৃথক গুরুত্ব তেমন দেখা যায়নি।
করোনাবিষয়ক মিডিয়া সেলের সভাপতি ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা প্রথম আলোকে বলেন, ‘মহামারির শুরু থেকে আমরা দেখেছি, আক্রান্ত ও মৃত্যুর হার নারীর ক্ষেত্রে কম। সে কারণে নারীর ব্যাপারে পৃথকভাবে বিশেষ কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তবে টিকা দেওয়ার ক্ষেত্রে সব স্বাস্থ্যকেন্দ্রে নারীর জন্য পৃথক বুথ করা হয়েছে।’
দেশে দেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্তের খবর দেওয়া হয় গত বছর ৮ মার্চ। ওই দিন যে তিনজনের শনাক্তের খবর দেওয়া হয়েছিল, তাঁদের একজন ছিলেন নারী। গতকাল পর্যন্ত দেশে ৫ লাখ ৫০ হাজার ৩৩০ করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৭১ শতাংশ পুরুষ, ২৯ শতাংশ নারী। অন্যদিকে করোনায় মারা গেছেন ৮ হাজার ৪৬২ জন। মৃতদের মধ্যে পুরুষ ৭৫ দশমিক ৬ শতাংশ, নারী ২৪ দশমিক ৪ শতাংশ। টিকা পেয়েছেন ৩৭ লাখ ৮৯ হাজার ৩৫২ জন। এর মধ্যে পুরুষ ৬৪ শতাংশ, নারী ৩৬ শতাংশ।
শুরুতে সতর্কতার পরামর্শ ছিল
ইউএনএফপিএ গত বছর মার্চেই মহামারিকালে প্রজননস্বাস্থ্য ও অধিকার সুরক্ষা এবং নারীর প্রতি বৈষম্য নিরসনে কারিগরি নির্দেশিকা প্রকাশ করে। তাতে বলা হয়েছিল, যেকোনো রোগের প্রাদুর্ভাব নারী ও পুরুষকে ভিন্নভাবে প্রভাবিত করে। মহামারি নারীর প্রতি বৈষম্য পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যায়। এ সময় যৌন ও প্রজননস্বাস্থ্য এবং গর্ভবতী নারীর স্বাস্থ্যের বিষয়ে গভীর মনোযোগ দরকার।
দেশে গত বছর মার্চে সংক্রমণ শুরু হওয়ার আগে থেকেই মানুষকে করোনা বিষয়ে তথ্য দেওয়া শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। সংস্থাটি নিয়মিত সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, সঠিক তথ্য ব্যক্তিগত সুরক্ষা ও মহামারি নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে।
২০২০ সালের এপ্রিলে ইউএনএফপিএ ও ইউএন উইমেন বাংলাদেশ, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, সামোয়া ও থাইল্যান্ডের নারী-পুরুষের ওপর একটি জরিপ করে। জরিপে বাংলাদেশের ২ হাজার ২৯৬ জন নারী-পুরুষের মতামত ও তথ্য নেওয়া হয়েছিল। জরিপে উঠে আসে যে ২৯ শতাংশ নারী জানিয়েছিলেন, তাঁরা করোনা বা মহামারি বিষয়ে কোনো তথ্য পাননি। পুরুষের ক্ষেত্রে এই হার ছিল ১৫ শতাংশ। অন্যদিকে ৪৩ শতাংশ নারী বলেছিলেন, তাঁরা স্পষ্ট তথ্য পেয়েছেন, যা তাঁদের প্রস্তুতির ক্ষেত্রে সহায়তা করবে। পুরুষের ক্ষেত্রে এই হার ছিল ৫৭ শতাংশ।
শুধু তথ্য পাওয়ার ক্ষেত্রে নয়, নারী ও পুরুষে পার্থক্য ছিল সেবা পাওয়ার ক্ষেত্রেও। ইউএনএফপিএ ও ইউএন উইমেনের জরিপে ৬১ শতাংশ নারী ও ৬১ শতাংশ পুরুষ বলেছিলেন, তাঁরা প্রয়োজনের সময় সেবা পেতে সমস্যায় পড়েছিলেন। তবে সেবা পাওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে ৬৯ শতাংশ নারীকে। পুরুষদের ক্ষেত্রে এ হার ৫৬ শতাংশ। ৭৮ শতাংশ নারী বলেছিলেন, তাঁরা চিকিৎসাসামগ্রী, স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী ও খাদ্য পাওয়ার ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হয়েছিলেন। এসব সমস্যায় পড়েছিলেন ৬১ শতাংশ পুরুষ।
মহামারি শুধু স্বাস্থ্য বা চিকিৎসার সমস্যা নয়, এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাবও অনেক গভীর। করোনার সংক্রমণ প্রতিরোধ করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জনস্বাস্থ্যবিদেরা শারীরিক দূরত্ব বা সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছিলেন। এই পরামর্শ অনুসরণ করার জন্য অফিস-আদালত, হাটবাজার, কলকারখানা, শিল্পপ্রতিষ্ঠান, স্কুল–কলেজ এবং দোকান ও বিপণিবিতানে মানুষের সমাগম কমানোর ওপর জোর দেয় সরকার। এর প্রভাব পড়ে জীবিকার ওপর। এতে পুরুষের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হন নারী। ইউএনএফপিএ ও ইউএন উইমেনের জরিপে দেখা গেছে, প্রাতিষ্ঠানিক খাতে ৮১ শতাংশ নারীর কাজের সুযোগ কমে যায়। পুরুষের ক্ষেত্রে এই হার ছিল ১৪ শতাংশ। অপ্রাতিষ্ঠানিক খাতে ২৪ শতাংশ নারীর কাজের সুযোগ কমে যায় এবং ২৫ শতাংশ নারী কাজ হারান। এই হার পুরুষের মধ্যে ছিল যথাক্রমে ১৬ ও ২৭ শতাংশ।
শুধু নারীরই সমস্যা
করোনাকালে সংক্রমণের ভয়ে মানুষ সেবা নেওয়া থেকে বিরত থেকেছে। অন্যদিকে সেবাদানকারীরাও সেবা দেওয়ার জায়গায় উপস্থিত কম থেকেছেন। পাশাপাশি চিকিৎসাসামগ্রী সরবরাহেও বিঘ্ন ঘটেছে। এর প্রভাব পড়েছে নারী ও কিশোরী স্বাস্থ্যসেবার ওপর।
নারী অধিকার সংগঠন নারীপক্ষ বেশ কয়েক বছর ধরে দেশের দক্ষিণাঞ্চলে নারীস্বাস্থ্য নিয়ে কাজ করছে। সংগঠনের নারীস্বাস্থ্য ও প্রজনন কর্মসূচির প্রকল্প পরিচালক সামিয়া আপরীন প্রথম আলোকে বলেন, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি এবং ভোলার মাতৃ ও শিশু স্বাস্থ্যকেন্দ্রের তথ্যে দেখা যায়, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা নেওয়া কিশোরীর সংখ্যা কম।
গবেষকেরা বলেছেন, চারটি কারণে সেবা কমেছে—মাতৃস্বাস্থ্যসেবায় জনবল কমেছে, সেবাসামগ্রী সরবরাহে বিঘ্ন ঘটেছে, সেবা নেওয়ার চাহিদা কমেছে এবং সেবা ব্যবহারের সুযোগ কমেছে।
সরকারি তথ্য ব্যবহার করে জনস্বাস্থ্যবিদ ও স্বাস্থ্য অধিদপ্তরের পাবলিক হেলথ অ্যাডভাইজারি কমিটির সদস্য আবু জামিল ফয়সাল বিশ্লেষণ করে দেখেছেন, ২০১৯ সালে মার্চ ও এপ্রিলে চারবার প্রসব–পূর্ব সেবা নিয়েছিলেন ২০ হাজার ৩২৬ জন নারী। আর ২০২০ সালের একই সময়ে নিয়েছেন ১৫ হাজার ৬৩১ জন নারী। ২০১৯ সালে এই দুই মাসে দেশের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে স্বাভাবিক প্রসব হয়েছিল ২৫ হাজার ১৯২টি। ২০২০ সালে হয়েছে ২০ হাজার ৯০০টি। একই পরিস্থিতি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাতৃ ও শিশুস্বাস্থ্য কেন্দ্রে এবং জেলা হাসপাতালে। একইভাবে কমেছে প্রসব–পরবর্তী সেবা। মাতৃস্বাস্থ্যের ওপর করোনার প্রভাব নিয়ে এসব তথ্য আবু জামিল ফয়সাল ২০২০ সালের জুলাই মাসের শেষ সপ্তাহে পরিকল্পনা কমিশনের ভার্চ্যুয়াল সভায় উপস্থাপন করেন। এই জনস্বাস্থ্যবিদ দেখেছেন, করোনার কারণে বাড়িতে প্রসব ২৩ শতাংশ বেড়েছে। বাড়িতে প্রসব মাতৃমৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয়।
আবু জামিল ফয়সাল প্রথম আলোকে বলেন, করোনা নারী-পুরুষ সবার ওপর বিরূপ প্রভাব ফেলেছে। তবে নারীর ক্ষেত্রে এই প্রভাব গভীরতর।
নির্যাতন বন্ধ ছিল না
করোনার প্রথম দিকে সংক্রমণ প্রতিরোধের উপায় হিসেবে অনেক দেশ ‘লকডাউনের’ পথ বেছে নেয়। অফিস-আদালত, কলকারখানা, শিল্পপ্রতিষ্ঠান বন্ধ করা হয়। যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে লকডাউন ঘোষণা না করলেও মার্চ থেকে মে পর্যন্ত সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করে। মানুষ ঘরবন্দী হয়ে পড়ে। এই সময়ে নারীর ওপর সহিংসতা বেড়ে যায়।
ইউএনএফপিএ ও ইউএন উইমেন গত সপ্তাহে করোনাকালে নারীর ওপর সহিংসতা বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নেপাল, থাইল্যান্ড ও ফিলিপাইন—এই আট দেশের বিপুল তথ্য বা বিগ ডেটা বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনের শুরুতে বলা হয়, সাধারণত সংকটের সময় নারী ও মেয়েদের ওপর সহিংসতার ঝুঁকি বেড়ে যায়। করোনা মহামারিকালে বেকারত্বের সঙ্গে অর্থনৈতিক অনিরাপত্তার আশঙ্কা বেড়ে যায়। এসব নারীর প্রতি অসম্মান করার ঝুঁকি সৃষ্টি করে, সহায়তা পাওয়ার সম্ভাবনা কমে যায়। এই পরিস্থিতিতে অনেক নারীকে নির্যাতনকারীর সঙ্গে একই ঘরে থাকতে হয়েছে।
ওই প্রতিবেদন বলছে, লকডাউনের সময় বা লকডাউনের পরপরই ভারত, বাংলাদেশ ও মালয়েশিয়ায় পারিবারিক নির্যাতনের ঘটনা বেড়ে যায়। এর প্রমাণ মেলে অনলাইনে। ওই সময়ে বাংলাদেশে অনলাইনে যেসব শব্দ বেশি খুঁজে দেখা হয়েছে তার মধ্যে রয়েছে ‘পারিবারিক নির্যাতনের সংজ্ঞা’, ‘সম্পর্কের অপব্যবহার’, ‘আবেগ’ ও ‘মানসিক’।
লকডাউনের সময় ইন্টারনেট ব্যবহার বেড়ে যায়। ইউএনএফপিএ ও ইউএন উইমেনের জরিপে উঠে আসে, এই জরিপের আওতায় থাকা আটটি দেশের সব কটিতে অনলাইন প্ল্যাটফর্মে আগের চেয়ে বেশি নারীবিদ্বেষী বিষয়বস্তু দেখা যেতে থাকে। অনুমতি ছাড়া নারীদের ছবি ব্যবহার বেড়ে যায়। বাংলাদেশে মেয়েদের পোস্টের নিচে নারীবিদ্বেষী মতামত দেওয়ার প্রবণতা বেড়ে যায়। তবে একই সময়ে ফেসবুকে নারীকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন গোষ্ঠীর তৎপরতাও আগের চেয়ে বেশি ছিল। বাংলাদেশে ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২০ সালের অক্টোবরের মধ্যে নারীবিদ্বেষী টুইট ৯৩ শতাংশ বেড়ে যায়। অবশ্য একই সময়ে ঘটনার শিকার নারীদের সহায়তামূলক টুইট বেড়েছে ১৫২ শতাংশ। নারীবিদ্বেষী টুইট হাজার গুণের বেশি বেড়েছিল থাইল্যান্ডে। ভারতে ও নেপালে বেড়েছিল যথাক্রমে ৫৮ শতাংশ ও ১৮৮ শতাংশ। তবে ভারত, সিঙ্গাপুর ও ফিলিপাইনে ঘটনার শিকার নারীকে সহায়তা করার টুইটের হার কমতে দেখা যায়।
সিদ্ধান্তের কমিটিতে নারী কম
করোনার জন্য বিশ্বের কোনো দেশ তৈরি ছিল না। তাই করোনা মোকাবিলার সিদ্ধান্ত গ্রহণকারী কমিটি বা টাস্কফোর্সগুলো গঠিত হয়েছে সনাতন পদ্ধতিতে, অর্থাৎ কমিটিতে পুরুষের প্রাধান্য বেশি। ২০২০ সালের আগস্টে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত এক প্রবন্ধে বলা হয়েছে, বাংলাদেশে করোনাবিষয়ক সিদ্ধান্ত গ্রহণের জাতীয় কমিটিতে নারীর সংখ্যা মাত্র ১২ দশমিক ৫ শতাংশ।
ওই প্রবন্ধে বিশ্বের ৮৭টি দেশের করোনাবিষয়ক ১১৫টি বিশেষজ্ঞ ও সিদ্ধান্ত গ্রহণকারী টাস্কফোর্স কমিটির তথ্য পর্যালোচনা করা হয়। এতে দেখা গেছে, ৮৫ শতাংশ কমিটিতে পুরুষ বেশি, ১১ দশমিক ৪ শতাংশ কমিটিতে নারীর প্রাধান্য। বাকি সাড়ে ৩ শতাংশ কমিটিতে নারী-পুরুষের সমতা রয়েছে। প্রায় ৮১ শতাংশ কমিটির প্রধান পুরুষ। প্রবন্ধে বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণকারী কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ জাতীয় কমিটির কথা উল্লেখ করা হয়েছে। এই কমিটির সদস্য ৩২ জন। এর মধ্যে নারী ৪ জন, পুরুষ ২৮। কমিটির প্রধান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
ইউএনএফপিএ তাদের ‘কোভিড-১৯: আ জেন্ডার লেন্স’ শীর্ষক কারিগরি নির্দেশনার সুপারিশে গত বছর মার্চে বলেছিল, মানুষের সুরক্ষা, মর্যাদা ও অধিকার বৃদ্ধিতে সঠিক ও সহায়ক সেবা ও বার্তা দিতে হবে। পাশাপাশি মহামারি নিয়ন্ত্রণ ও মোকাবিলার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অন্তর্ভুক্তির পরামর্শ দেওয়া হয়েছিল।
সার্বিক বিষয়ে জানতে চাইলে পাবলিক হেলথ ফাউন্ডেশন, বাংলাদেশের চেয়ারপারসন অধ্যাপক শারমিন ইয়াসমিন প্রথম আলোকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, শিক্ষাক্ষেত্রে ঝরে পড়ার হার মেয়ে শিক্ষার্থীদের মধ্যে বেশি হবে। এ রকম প্রতিটি ক্ষেত্রে অনুসন্ধান ও গবেষণার ভিত্তিতে মহামারি পরবর্তী পদক্ষেপ নিতে হবে।’