রাঙামাটিতে আয়োজিত এক কর্মশালায় বক্তারা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের নারীরা একদিকে বৈষম্য ও সহিংসতার শিকার; অন্যদিকে প্রান্তিকতা ও শ্রেণিগত অবস্থানের কারণেও তাঁরা বঞ্চনার শিকার হয়। এ অবস্থার পরিবর্তনে নারীদের পক্ষে কথা বলতে হবে পুরুষদের।
গতকাল বুধবার সকালে কালিন্দীপুরের আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র মিলনায়তনে ‘পার্বত্য চট্টগ্রামে নারীর বাস্তবতা ও সমস্যা বিশ্লেষণ’ শীর্ষক আঞ্চলিক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। বেসরকারি সংস্থা ‘আনন্দ’ ও ‘হিমাওয়ান্তি’ এ কর্মশালার আয়োজন করে। আনন্দের নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান মিয়া কর্মশালায় সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে রাঙামাটির জেলা প্রশাসক মো. শামসুল আরেফিন বলেন, নারীর উন্নয়ন ছাড়া পরিবার, সমাজ ও দেশের উন্নয়ন সম্ভব নয়। নারীদের সমস্যা সমাধানে পুরুষদের বেশি ভূমিকা রাখতে হবে। পার্বত্য চট্টগ্রামের নারীদের উত্তরাধিকার নিশ্চিত করতে প্রয়োজনে আইন সংশোধন করা উচিত।
জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে।
কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন আইনজীবী সুস্মিতা চাকমা। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে নারীর প্রতি সহিংসতা বাড়ছে এবং এর ধরনও পাল্টাচ্ছে। ২০১২ সালে সহিংসতার শিকার ৩১ জন নারীর মধ্যে ২১ জনের বয়সই ১৮ বছরের নিচে শিশু। ২০১৩ সালে সহিংসতার শিকার নারীদের মধ্যে ৬৯ শতাংশ ১৮ বছরের কম বয়সী শিশু। মামলার দীর্ঘসূত্রতা, আইনি প্রক্রিয়ার জটিলতা এবং আসামিদের শাস্তি না হওয়ার কারণে নারীর প্রতি যৌন নিপীড়ন ও সহিংসতা বাড়ছে বলে উল্লেখ করেন তিনি।
কর্মশালায় প্যানেল আলোচক ছিলেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের কর্মকর্তা ঝুমা দেওয়ান, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি মো. সাখাওয়াৎ হোসেন ও আনন্দের প্রকল্প ব্যবস্থাপক রাখি ম্রং। হিমাওয়ান্তির নির্বাহী পরিচালক টুকু তালুকদারের সঞ্চালনায় মুক্ত আলোচনায় নারী অধিকার কর্মী, আইনজীবী, পার্বত্য চট্টগ্রামের মৌজাপ্রধান হেডম্যান ও গ্রামপ্রধান কার্বারি এবং এনজিও কর্মী অংশগ্রহণ করেন।