নারীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হলে সহায়ক নীতিমালা, যথোপযুক্ত পরিকল্পনা ও পর্যাপ্ত অর্থ বরাদ্দ প্রয়োজন। তবে বাজেটে শুধু অর্থ বরাদ্দ করলেই হবে না, এর ব্যবহারও নিশ্চিত করতে হবে। নারীর জন্য বরাদ্দ নারীর উন্নয়নে কতটুকু ব্যয় করা হলো, তার যথাযথ তদারকিও থাকতে হবে।গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে ‘আসন্ন জাতীয় বাজেটে নারীর জন্য সুনির্দিষ্ট বরাদ্দ ও বাস্তবায়ন রূপরেখা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। বাজেটে নারীর জন্য সুনির্দিষ্ট বরাদ্দের জন্য নীতিনির্ধারকদের ইতিবাচক মনোভাব ও দৃষ্টিভঙ্গি পাল্টানো জরুরি বলে উল্লেখ করেন বক্তারা। বাংলাদেশ মহিলা পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে। সভাপতির বক্তব্যে পরিষদের সভাপতি আয়েশা খানম বলেন, সনাতনী দৃষ্টিভঙ্গিগত সমস্যার কারণেই পঞ্চবার্ষিকী পরিকল্পনাসহ বিভিন্ন পরিকল্পনায় নারীর জন্য থোক বরাদ্দ দেওয়া হতো। তাই কোন দৃষ্টিতে নারীকে দেখছি, তা সম্পদ বরাদ্দের ক্ষেত্রে জরুরি। ‘জেন্ডার সংবেদনশীল অর্থনীতি ও জাতীয় বাজেট’ শীর্ষক মূল বক্তব্যে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত পরিচালক ফাহমিদা খাতুন নারীর কর্মক্ষমতার উন্নয়নে একটি উপযোগী পরিবেশ তৈরির জন্য আসন্ন বাজেটে বিশেষ ব্যবস্থা নিতে নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেন।ফাহমিদা খাতুন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন, কৃষি ও শিল্পে নারীর জন্য বিশেষ বরাদ্দ রাখার সুপারিশ করেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নারী হলে তার জন্য ‘কর্মসংস্থান সৃষ্টি’ কর্মসূচি চালু, নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা, নির্যাতনের শিকার নারীদের দীর্ঘমেয়াদি স্বাস্থ্য ও আইনি সহায়তা দেওয়ার জন্য আলাদা বরাদ্দ এবং নারীদের জন্য উপকারী প্রকল্পে বরাদ্দ নির্দিষ্ট করারও সুপারিশ করেন তিনি। প্রধান অতিথি, বাংলাদেশ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, নির্বাচন কমিশনসহ নীতিনির্ধারণী জায়গাগুলোতে নারীদের নিয়োগে আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি জাতীয় সংসদে নারীদের সংরক্ষিত আসনের পরিবর্তে সব রাজনৈতিক দলকে নারীদের মনোনয়ন দেওয়া বাধ্যতামূলক করার পক্ষে মত দেন।বিশেষ অতিথি, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক মোস্তফা কামাল মুজেরী বলেন, তথ্য অনুযায়ী শ্রমশক্তির অংশগ্রহণ হার (লেবার ফোর্স পার্টিসিপেশন) নারীর ক্ষেত্রে ২৯ শতাংশ আর পুরুষের ক্ষেত্রে ৮৭ শতাংশ। এ ধরনের প্রকট বৈষম্য কমানোর জন্য বাজেটে নারীর জন্য সুনির্দিষ্ট বরাদ্দ এবং জেন্ডার সংবেদনশীল বাজেট প্রণয়ন জরুরিসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, সাংসদ ফরিদা রহমান, সানজিদা খানম, অ্যাকশন এইডের দেশীয় পরিচালক ফরাহ্ কবীর প্রমুখ। সভা পরিচালনা করেন আয়োজক সংস্থার আন্দোলন সম্পাদক রেখা চৌধুরী।