নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলটেবিল বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন l প্রথম আলো
গোলটেবিল বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন l প্রথম আলো

প্রথম আলো আয়োজিত এক গোলটেবিল বৈঠকের আলোচকেরা বলেছেন, নগরে নারীরা নিরাপদ নন। উন্নয়ন সংস্থা অ্যাকশনএইডের এক গবেষণা অনুযায়ী, নগরের ৮৫ শতাংশ নারীই রাস্তাঘাটে যৌন হয়রানির শিকার হন। নারীর নিরাপত্তাহীনতার পেছনে রাস্তায় বাতি কম, গণশৌচাগার না থাকা, সুশাসনের অভাবসহ অন্য কারণগুলোও বিদ্যমান। নারীর নিরাপত্তা নিশ্চিত করতে অবকাঠামোগত পরিবর্তনের পাশাপাশি নারীর প্রতি বিদ্যমান নেতিবাচক দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন করতে হবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উন্নয়ন সংস্থা অ্যাকশনএইডের সহায়তায় প্রথম আলো আয়োজিত ‘নগরে নারী নিরাপত্তা: আমাদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, আগে নারীদের প্রতি শ্রদ্ধাবোধ ছিল, সম্মান ছিল। মূল্যবোধের অবক্ষয়ের কারণে বর্তমানে নারীর প্রতি শ্রদ্ধাবোধ কমে গেছে। বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে নারীকে পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। নারীর ত্বক ফরসা হলে আকর্ষণীয় হবে—এ ধরনের ধারণা দিয়ে হীনমন্যতা তৈরি করা হচ্ছে। সার্বিকভাবে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হলে নারীর প্রতি যে শ্রদ্ধাবোধ ছিল, তা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
রাশেদ খান মেনন পর্যটনের ক্ষেত্রেও নারীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে উল্লেখ করেন। তিনি যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের গাইডলাইনের আলোকে আলাদা একটি আইন প্রণয়ন করার সুপারিশ করেন। যেকোনো ধরনের নির্যাতন বা সহিংসতার ঘটনায় পুলিশের কাছ থেকে দ্রুত সহায়তা পেতে একটি কার্যকর হেল্পলাইন চালু, নারীর যথাযথ ক্ষমতায়ন, নারী সংগঠনগুলোর কর্মকাণ্ড বাড়ানো এবং নিম্নবিত্ত নারীদের সংগঠিত ও সচেতন করার বিষয়টিতে গুরুত্ব দেন তিনি।
গোলটেবিল বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। বৈঠকের আলোচনায় উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, ‘আমাকে আপনারা মেয়র নির্বাচিত করেছেন। আমি সজাগ। মেয়র হিসেবে আগামী এক বছরে স্বল্প, মধ্যম এবং দীর্ঘ মেয়াদে আমার পক্ষে করা সম্ভব সে ধরনের পাঁচটি কাজ এবং একজন স্বেচ্ছাসেবক দেন।’
আনিসুল হক আগামী এক বছরের মধ্যে রাজধানীতে ১০০টি গণশৌচাগার করার পরিকল্পনাসহ বিভিন্ন পরিকল্পনার কথা জানান।
অ্যাকশনএইডের দেশীয় পরিচালক ফারাহ কবির বলেন, নগরে নারীরা নিরাপদ নন। মধ্যম আয়ের দেশ গড়ার যে স্বপ্ন, তা কি শুধু পুরুষদের নিয়ে হবে? দেশকে নারীবান্ধব না করে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া কি সম্ভব?
ফারাহ কবির বিভিন্ন প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার জন্য আহ্বান জানান। নারী নির্যাতনের প্রতিবাদ করতে গেলে প্রাণ দিতে হচ্ছে, ফলে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।
গোলটেবিল বৈঠকের শুরুতে অ্যাকশনএইডের পরিচালক (প্রোগ্রাম, পলিসি অ্যান্ড ক্যাম্পেইন) শাহনাজ আরেফিন নগরে নারীর নিরাপত্তা-বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

প্রথম আলো আয়োজিত ‘নগরে নারী নিরাপত্তা: আমাদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও অ্যাকশনএইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীরসহ অন্য অতিথিরা l ছবি: প্রথম আলো
প্রথম আলো আয়োজিত ‘নগরে নারী নিরাপত্তা: আমাদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও অ্যাকশনএইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীরসহ অন্য অতিথিরা l ছবি: প্রথম আলো

বৈঠকে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, পারিবারিক শিক্ষার কারণেই একজন পুরুষ অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন করে মেরে ফেলছেন। দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং সচেতনতা তৈরিতে আয়শা খানম সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এ ছাড়া সিটি করপোরেশনের নির্বাচিত নারী কাউন্সিলরদের বিভিন্ন কাজে যুক্ত করার বিষয়টিতে গুরুত্ব দেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শাহনাজ হুদা বলেন, একই বাসের মধ্য থেকে কেন নারীদের নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না? নারীদের জন্য আলাদা বাস কেন লাগবে? নিরাপত্তা ক্ষুণ্ন হলে সাধারণ নারী পুলিশের কাছে কি যেতে পারছেন? তিনি বলেন, দেশে নারী নির্যাতন প্রতিরোধে আইনের অভাব নেই, কিন্তু আইনের প্রয়োগ হচ্ছে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক কামরুল ইসলাম বলেন, উচ্চশিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রেই নারীরা বৈষম্যের শিকার। আর এ ধরনের বৈষম্য নারীদের নির্যাতনের শিকার বা ভিকটিম হওয়ার হার বাড়িয়ে দেয়।
কামরুল ইসলাম একটি গবেষণার উল্লেখ করে বলেন, জন্মের পর থেকে তিন বছর পর্যন্ত শিশুরা যে পরিবেশের মধ্যে বড় হয়, সেটা তার জীবনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। ভবিষ্যতে নারী নির্যাতনের হার কমাতে হলে এ বয়সটাকে গুরুত্ব দিতে হবে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল হোসেন বলেন, নারী নির্যাতন প্রতিরোধে মন্ত্রণালয়ের পক্ষ থেকে টোলফ্রি হটলাইন নম্বরটি হচ্ছে ১০৯২১। তবে নম্বরটি সম্পর্কে অনেকেই জানে না। তিনি প্রথম আলোকে হটলাইন নম্বরটির প্রচারের আহ্বান জানান।
কেউ নির্যাতনের শিকার হলে পুলিশের কাছে অভিযোগ করে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবার প্রতি আহ্বান জানান বাংলাদেশ পুলিশের এআইজি রখফার সুলতানা খানম। তিনি বলেন, পুলিশের কাছে নিরাপত্তা চাইলে নিরাপত্তা দেওয়া হয়।
জেন্ডার বিশেষজ্ঞ এবং ইউএনডিপির পুলিশ রিফর্ম প্রোগ্রামের কমপোনেন্ট প্রধান ফওজিয়া খোন্দকার বলেন, এখনো সমাজে নারী কেন বাইরে বের হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তিনি বলেন, পুত্রসন্তানকে সংবেদনশীল করে গড়ে তুলতে হবে। নিজের মা, বোন বা শুধু মেয়ের নিরাপত্তার কথা চিন্তা না করে সবার নিরাপত্তার কথা ভাবতে হবে।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির সচিব শওকত আলী বলেন, বাসে নারীদের হয়রানির ক্ষেত্রে চালক এবং হেলপারদের পাশাপাশি যাত্রীরাও দায়ী। তবে বাসে ওঠানো এবং নামানোর সময় হেলপাররা নারীদের বিভিন্নভাবে নির্যাতন করছে। এ বিষয়ে সচেতন করতে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি নারী চালক ও হেলপারের সংখ্যা বাড়ানোর বিষয়টিতে গুরুত্ব দেন।
বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক বলেন, ‘আমরা যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়তাম, তখনো রাস্তাঘাটে নোংরা কথা শুনতাম। এখনো মেয়েদের তা শুনতে হচ্ছে। তাই দৃষ্টিভঙ্গি পাল্টাতে সমন্বিতভাবে কাজ করতে হবে।’
এনজিও পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক (প্রোগ্রামস) শরীফ মোস্তফা হেলাল বাড়ি থেকেই শিশুদের নারীর প্রতি শ্রদ্ধাশীল করে তোলা হয় কি না, বিভিন্ন প্রতিষ্ঠান কতটুকু নারীবান্ধব এবং ব্যক্তিজীবনে নিজে কতটুকু সচেতন, এ তিনটি বিষয়ে সবাইকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
জাতিসংঘের ইউএন উইমেনের ন্যাশনাল অফিসার (জেন্ডার অ্যান্ড এইচআইভি) এস এম নাহিয়ান বলেন, নারী নির্যাতনের ঘটনা ঘটে যাওয়ার পর সবাই তা জানতে পারছে। তাই ঘটনাটি যাতে ঘটতেই না পারে, সে জন্য প্রতিরোধমূলক কাজকে গুরুত্ব দিতে হবে।