শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলানো ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। এখন চাইলেই কেউ নারীদের ঘরে আটকে রাখতে পারবে না। দেশে নারী জাগরণ সৃষ্টি হয়েছে। এই জাগরণের স্রোতে সব অপশক্তি ভেসে যাবে। গতকাল মঙ্গলবার বিকেলে বিয়ানীবাজারের খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী কথাগুলো বলেন। সম্প্রতি নারী সাংবাদিক নির্যাতনের ঘটনার নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘নারীদের সমঞ্চান করুন। কারণ আপনার মা-ও একজন নারী।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান রুমা চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাসিব প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আতাউর রহমান। এদিন শিক্ষামন্ত্রী পাহাড়িয়া বহর-থানাঘাট রাস্তা ও কাজীরবাজার-খুরশিদাবাদ মাদ্রাসার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন এবং মুল্লাপুর উচ্চবিদ্যালয়ের নবনির্মিত ভবন ও ঘুঙ্গাদিয়া-নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।