নারীর প্রতি বৈষম্য দূর করতে একযোগে কাজ করতে হবে
‘কন্যাসন্তান হওয়ায় বাবা এক মাস বাড়িতে আসেননি। এক মাস পর বাড়ি ফিরলেও বাবার ভয়ে মা অন্য ঘরে আশ্রয় নেন। চতুর্থ সন্তান ছেলে হওয়ায় শুরু হয়ে যায় বৈষম্য। এই বৈষম্য দূর করতে হলে পরিবার, প্রশাসন এবং জনগণকে একযোগে কাজ করতে হবে। দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে।’ বরিশালে প্রজন্ম সংলাপে এসব কথা বলেন ঝালকাঠি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে ‘নারী নির্যাতন বন্ধ করুন, সমাজ, সংসার নারীবান্ধব রাখুন’ শীর্ষক বরিশাল বিভাগীয় প্রজন্ম সংলাপে ওই নারী জনপ্রতিনিধির বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন অন্য বক্তারা। নগরের রাজাবাহাদুর সড়কের মহিলা ক্লাব মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ওই সংলাপ হয়। মহিলা অধিদপ্তর ওই সংলাপের আয়োজন করে। বেলা আড়াইটায় বিভাগীয় কমিশনার মো. নূরুল আমীন নারী নির্যাতন বন্ধ করতে উদ্যোগী হওয়া এবং সব ধরনের সহিংসতা বন্ধে উপস্থিত অতিথি ও নাগরিকদের অঙ্গীকার করান। বক্তারা বলেন, বাংলাদেশে নির্যাতিত নারীর মধ্যে ৬৩ ভাগ আদালতে যেতে চান না। এসব সমস্যা সমাধানে আইনেরও সংস্কার প্রয়োজন। প্রয়োজন আদালত, প্রশাসন ও বিচার বিভাগে নারীর অন্তর্ভুক্তি। পিরোজপুর ইমাম সমিতির সভাপতি মাওলানা দ্বীন মোহামঞ্চদ বলেন, অনেক ইমাম মসজিদে বয়ান করতে গিয়ে নারী সম্পর্কে নেতিবাচক কথা বলে থাকেন। সত্যিকার আলেম হলে নারী সম্পর্কে নেতিবাচক মন্তব্য করতে পারেন না। এটা কুসংস্কার। নারী নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধসহ নারীর প্রতি সব সহিংসতা বন্ধে কথা বলা উচিত। সৈয়দ হাবিবুর রহমান বলেন, দারিদ্র্য, নিরাপত্তার অভাব, সামাজিক পরিবেশ ও শিক্ষার অভাবেই নারী নির্যাতনের ঘটনা ঘটতে থাকে। নারী নির্যাতন প্রতিরোধে সরকারি প্রশাসন, এনজিও ও সামাজিক কাজের মধ্যে সমন্বয় নেই। সম্পদে নারীর অধিকার নিশ্চিত করতে হবে।মহিলা পরিষদ বরিশালের সম্পাদক নূরজাহান বেগম বলেন, যৌতুক, বাল্যবিবাহ, নারীকে ঘর থেকে বের করে দেওয়ার বিষয়ে পুরুষদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন।ফেরদৌস বাপ্পির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে অভিজ্ঞ দলে বক্তৃতা করেন জেলা প্রশাসক মো. শহীদুল আলম, মহিউদ্দিন মানিক বীর প্রতীক, আনোয়ার জাহিদ, মোহসেন আরা প্রমুখ। এই প্রজন্মের দলে বক্তৃতা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সিফাত আরা, বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থী অদৃ আহমেঞ্চদ, সরকারি বালিকা বিদ্যালয়ের সাদিয়া সুলতানা, জান্নাতুল ইসলাম, নাজমুল হুদা।