নারীর প্রতি যৌন সহিংসতায় চতুর্থ খারাপ শহর ঢাকা

নারীদের জন্য সবচেয়ে খারাপ মহানগরের মধ্যে বিশ্বে সপ্তম অবস্থানে আছে ঢাকা। যৌন সহিংসতা, স্বাস্থ্যসেবার সুযোগ, ক্ষতিকর সামাজিক চর্চা এবং অর্থনৈতিক সুযোগ-সুবিধার ভিত্তিতে এ অবস্থান নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শুধু যৌন সহিংসতার দিক দিয়ে ঢাকা আছে চতুর্থ অবস্থানে।
এক কোটির বেশি মানুষের বসবাস এমন ১৯টি মহানগরে এক জরিপের মাধ্যমে থমসন রয়টার্স ফাউন্ডেশন এ তালিকা তৈরি করেছে। ৩৮০ জন বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে এ জরিপ করা হয়েছে।
ঢাকার বিষয়ে বলা হয়েছে, এই শহরে ১ কোটি ৮০ লাখের বেশি মানুষের বাস। নারীর প্রতি যৌন সহিংসতা ও হয়রানির দিক দিয়ে সবচেয়ে খারাপ মহানগরের তালিকায় এই শহরের অবস্থান চতুর্থ। আর নারীর অঙ্গহানি ও জোরপূর্বক বিয়ের মতো ক্ষতিকর সামাজিক রীতির দিক দিয়ে আছে তৃতীয় অবস্থানে। সব মিলিয়ে ঢাকা নারীদের জন্য সপ্তম খারাপ শহর।
জরিপের ফলাফল অনুযায়ী, নারীর জন্য সবচেয়ে ভালো মহানগর যুক্তরাজ্যের লন্ডন। এরপর দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে জাপানের টোকিও এবং ফ্রান্সের প্যারিস।
আর নারীদের জন্য সবচেয়ে খারাপ মহানগর মিসরের কায়রো। এরপর যথাক্রমে পাকিস্তানের করাচি, কঙ্গোর কিনশাশা, ভারতের নয়াদিল্লি, পেরুর লিমা, মেক্সিকোর মেক্সিকো সিটি এবং এরপর ঢাকা। ঢাকার পরে আছে নাইজেরিয়ার লাগোস, ইন্দোনেশিয়ার জাকার্তা এবং তুরস্কের ইস্তাম্বুল।
থমসন রয়টার্স ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনিক ভিল্লা বলেন, ‘এসব মহানগর নারীর জন্য নিরাপদ হিসেবে গড়ে তুলতে এখনো অনেক কিছু করতে হবে। বিশ্বজুড়ে নারীরা প্রতিদিন যে হুমকির মুখোমুখি হয়, তার সামান্য একটি চিত্র উঠে এসেছে এই জরিপে।’