রাষ্ট্রের অনেক উচ্চপদে নারীরা কাজ করছেন এটি সত্য, কিন্তু সামগ্রিকভাবে নারীরা অবহেলা ও অবজ্ঞার শিকার হচ্ছেন। রাষ্ট্র পরিচালনায় যাঁরা রয়েছেন, তাঁদের মানসিকতায় পরিবর্তন আনা গেলে সমাজেও পরিবর্তন আসবে। নারীর প্রতি শ্রদ্ধাবোধ না থাকলে সমাজকে এগিয়ে নেওয়া যাবে না। শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতিসহ সব ক্ষেত্রে পুরুষের মতো নারীকেও সমানভাবে বিবেচনা করতে হবে।
গতকাল সোমবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে চেঞ্জমেকার সম্মেলনে বক্তারা এসব কথা বলেছেন।
বেসরকারি সংগঠন অগ্রযাত্রা, বাংলাদেশ নারী প্রগতি সংঘ এবং আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। গতকাল সকালে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ সংসদীয় আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য।
সাংসদ নজরুল ইসলাম চৌধুরী বলেন, সমাজের অর্ধেক নারী। তাঁদের অবহেলা করে দেশ কিংবা সমাজের অগ্রগতি সম্ভব নয়। নারীর প্রতি শ্রদ্ধাবোধ এবং সম্মান যদি না থাকে, তাহলে সমাজকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না। গত ১০ বছরে আমাদের দেশে অনেক পরিবর্তন এসেছে। প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নের জন্য কাজ করছেন। এ কারণে অনেক গুরুত্বপূর্ণ পদে এখন নেতৃত্বের আসনে রয়েছেন নারীরা।
রোকেয়া কবির বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ছিল নারী-পুরুষের সমান অধিকার। সেই রাজনৈতিক শক্তিকে শক্তিশালী করতে হবে, যারা নারী-পুরুষের সমান অধিকার দিতে পারবে। প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রীসহ বিভিন্ন উচ্চপদে নারীর অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, সমাজের অবশিষ্ট নারীদের অবস্থা নিয়ে ভাবতে হবে। কারণ তাঁরা এখনো অবহেলা-অবজ্ঞার শিকার হচ্ছেন। রাষ্ট্র পরিচালনায় যাঁরা রয়েছেন, তাঁদের মধ্যে পরিবর্তন আনা গেলে সমাজেরও পরিবর্তন আনা সম্ভব হবে।
দেবদাস ভট্টাচার্য বলেন, নারীকে পশ্চাৎপদ করে রাখলে দেশের কাঙ্ক্ষিত অগ্রযাত্রা সম্ভব হবে না।
আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের জাতীয় সদস্য পাপড়ি ভট্টাচার্যের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর গিয়াস উদ্দিন, আনজুমান আরা বেগম, আবিদা আজাদ ও নীলু নাগ, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম, কবি কামরুল হাসান, নারীনেত্রী জেসমিন সুলতানা, সংস্কৃতিকর্মী রাশেদ হাসান ও সুনীল ধর।