নারীর প্রতি সহিংসতা কমছে না: মার্শা বার্নিকাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডির ​ই​এমকে সেন্টারে গতকাল মার্কিন দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে আয়েশা সিদ্দিকার ​চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট l প্রথম আলো
রাজধানীর ধানমন্ডির ​ই​এমকে সেন্টারে গতকাল মার্কিন দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে আয়েশা সিদ্দিকার ​চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট l প্রথম আলো

বিশ্বে প্রতি তিনজনে একজন নারী লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হন; বাংলাদেশে যা ৮০ শতাংশের বেশি। অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব দৃশ্যমান। পাশাপাশি এ দেশের নারীরা রাজনীতি, সমাজকর্ম, সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখলেও তাঁদের প্রতি সহিংসতা কমছে না।

গতকাল মঙ্গলবার ‘নারীর প্রতি সহিংসতা: সমাধানের উপায়’ শীর্ষক আলোচনা সভায় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এসব কথা বলেন। রাজধানীর ইএমকে সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করে আমেরিকান সেন্টার।

মার্শা বার্নিকাট আরও বলেন, নারীর জন্য এই চ্যালেঞ্জিং সমস্যার সমাধানে মানবাধিকার ইস্যুতে গুরুত্ব দিতে হবে। এর প্রতিরোধে সচেতনতা তৈরিসহ সবাইকে এগিয়ে আসতে হবে। লিঙ্গভিত্তিক নির্যাতনের বড় কারণ পিতৃতান্ত্রিক সমাজ এবং মানুষের গৎবাঁধা দৃষ্টিভঙ্গি উল্লেখ করে বেসরকারি সংস্থা উই ক্যানের জাতীয় সমন্বয়কারী জিনাত আরা হক বলেন, মেয়েদের এখনো সম্পদ না ভেবে বোঝা মনে করা হয়। এ জন্য এখনো বাল্যবিবাহ, যৌতুকের বিরুদ্ধে সংগ্রাম করতে হচ্ছে।

ইউএনডিপির প্রকল্প বিশেষজ্ঞ বিথীকা হাসান বলেন, দেশের অনেক মেয়ে শিশু ও নারী পার্শ্ববর্তী দেশে পাচার হয়ে যায়। সেটা যেমন রোধ করা যাচ্ছে না, আবার ফিরে এলেও পুনর্বাসনে নানা সমস্যা হয়। এতে আরও বক্তব্য দেন বেসরকারি সংস্থা নারীপক্ষের সদস্য কামরুন নাহার এবং ন্যাশনাল ট্রমা কাউন্সিল সেন্টারের ইসমাত জাহান।

অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে পাচারের শিকার আয়শা সিদ্দিকা তাঁর অভিজ্ঞতার কথা বলেন। এ সময় তিনি পাচার হয়ে কীভাবে ভারতের কেরালা থেকে মুক্তি পেয়েছিলেন এবং পরিবার ও সমাজে তাঁর পুনর্বাসনের সংগ্রামের কথা বলেন।